ফিফা থেকে দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

এশিয়া পোস্ট স্পোর্টস
ফিফা থেকে দুঃসংবাদ পেল আর্জেন্টিনা
ছবি : সংগৃহীত

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে ২-১ গোলে হারানোর পুরস্কার পেল স্পেন। ম্যাচভিত্তিক লাইভ র‌্যাঙ্কিংয়ের হিসাবে আর্জেন্টিনাকে টপকে দ্বিতীয় স্থানে উঠে গেছে লা রোহারা। তাতে বিশ্বকাপের আগে শীর্ষে থাকা আর্জেন্টিনা নেমে গেছে তিন নম্বরে।

লাইভ হিসাবে ১৯৪৮.৯৭ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে ফ্রান্স। স্পেনের সংগ্রহ বেড়ে হয়েছে ১৯৩৪.৭৯ পয়েন্ট। ১৯২৫.১৫ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনার অবস্থান তৃতীয়। এরপর ইংল্যান্ডের পয়েন্ট ১৮৭১.৩৮।

বিশ্বকাপ থেকে বিদায় নিলেও ব্রাজিলের অবস্থানের উন্নতি হয়েছে। টুর্নামেন্টে পাওয়া মোট রেটিং পয়েন্টের সুবাদে ষষ্ঠ থেকে পঞ্চম স্থানে উঠেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তাদের বর্তমান লাইভ পয়েন্ট ১৮০৪.৯৩।

তবে এই তালিকা এখনো ফিফার আনুষ্ঠানিক র‌্যাঙ্কিং নয়। প্রতিটি ম্যাচের ফলের পর ফিফার নির্ধারিত সূত্রে সম্ভাব্য পয়েন্ট যোগ-বিয়োগ করে লাইভ অবস্থান দেখানো হচ্ছে। ফিফা সর্বশেষ আনুষ্ঠানিক র‌্যাঙ্কিং প্রকাশ করেছিল ১১ জুন। পরবর্তী তালিকা প্রকাশিত হবে ২০ জুলাই। ফলে বিশ্বকাপের বাকি ম্যাচগুলোর ফলের ভিত্তিতে অবস্থান আবারও বদলাতে পারে।

আর্জেন্টিনার অবনমনে সমর্থকদের জন্য অবশ্য একটি কৌতূহলোদ্দীপক পরিসংখ্যান রয়েছে। ১৯৯২ সালে ফিফা র‌্যাঙ্কিং চালুর পর শীর্ষ দল হিসেবে বিশ্বকাপ শুরু করা কোনো দেশই সেই আসরের শিরোপা জিততে পারেনি। ২০২৬ বিশ্বকাপের আগে হন্ডুরাস ও আইসল্যান্ডকে হারিয়ে এক নম্বরে উঠে আসা আর্জেন্টিনাও এবার সেই ইতিহাস বদলানোর লক্ষ্যে খেলছে।

অবশ্য র‌্যাঙ্কিংয়ের অবস্থানের সঙ্গে শিরোপা জয়ের সরাসরি সম্পর্ক নেই। বিশ্বকাপের বাকি পথেই নির্ধারিত হবে আর্জেন্টিনা সেই অদ্ভুত ধারাটি ভাঙতে পারবে কি না।