logo

ক্রোয়েশিয়া ম্যাচের আগে ইংল্যান্ড শিবিরে চুরির ধাক্কা

ক্রোয়েশিয়া ম্যাচের আগে ইংল্যান্ড শিবিরে চুরির ধাক্কা
ইংল্যান্ড কোচ থমাস টুখেল। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ অভিযান শুরুর আগেই অস্বস্তিতে পড়েছে ইংল্যান্ড। কানসাস সিটিতে দলের অনুশীলন সরঞ্জাম চুরির ঘটনা ঘটেছে। থমাস টুখেলের দল বিশ্বকাপের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার মুখোমুখি হওয়ার আগে এই ঘটনা ইংল্যান্ডের প্রস্তুতিতে সাময়িক ধাক্কা হয়ে এসেছে।

ইংল্যান্ড দল শনিবার বিকেলে কানসাস সিটিতে পৌঁছানোর কথা। তার আগেই দলের অনুশীলন সরঞ্জাম সেখানে পৌঁছে দেওয়ার কথা ছিল। কিন্তু কানসাস সিটির সোয়োপ সকার ভিলেজে সরঞ্জাম নেওয়ার পথে সেগুলো বহনকারী গাড়িতে চুরির ঘটনা ঘটে।

ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন এখনো নিশ্চিত হওয়ার চেষ্টা করছে, ঠিক কী কী সরঞ্জাম চুরি হয়েছে। তবে বল ও বুটসহ কিছু অনুশীলন সামগ্রী চুরি হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ঘটনার পর স্থানীয় পুলিশ বিষয়টি তদন্ত করছে। শুক্রবার রাতে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত ছিল এবং এফএর সঙ্গে যোগাযোগ রাখছে। চুরির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।

ঘটনাটি ইংল্যান্ডের বিশ্বকাপ প্রস্তুতিতে বিঘ্ন ঘটাতে পারে। টুখেলের দল বুধবার ক্রোয়েশিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে। তার আগে রোববার ইংল্যান্ডের প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন সেশন হওয়ার কথা।

বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে প্রতিটি অনুশীলন সেশনই গুরুত্বপূর্ণ। বিশেষ করে প্রথম ম্যাচের আগে কোচিং স্টাফের পরিকল্পনা, সেট পিস, ম্যাচ ট্যাকটিকস ও খেলোয়াড়দের ছন্দ তৈরির জন্য সরঞ্জাম প্রস্তুত থাকা জরুরি। তাই চুরির ঘটনাটি বড় ক্ষতি না হলেও ইংল্যান্ড শিবিরে অস্বস্তি তৈরি করেছে।

তবে এখনো নিশ্চিত নয়, চুরি যাওয়া সরঞ্জামের পরিমাণ কতটা এবং সেটি অনুশীলনের ওপর কতটা প্রভাব ফেলবে। এফএ বিষয়টি খতিয়ে দেখছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে।

থমাস টুখেলের ইংল্যান্ড বিশ্বকাপ শুরু করবে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। মাঠে নামার আগে প্রস্তুতি নিয়ে এমন অপ্রত্যাশিত বিপত্তি নিশ্চয়ই চাইবে না ইংল্যান্ড। এখন দেখার বিষয়, সরঞ্জাম চুরির এই ঘটনা তাদের প্রস্তুতিতে বাস্তব কোনো প্রভাব ফেলে কি না।