Advertisement

পারেদেসের সঙ্গে সেই সংঘর্ষ নিয়ে মুখ খুললেন গাভি

এশিয়া পোস্ট স্পোর্টস
পারেদেসের সঙ্গে সেই সংঘর্ষ নিয়ে মুখ খুললেন গাভি
ছবি: এক্স থেকে নেওয়া

বিশ্বকাপ ফাইনাল শেষে আর্জেন্টাইন ফুটবলার লিয়ান্দ্রো পারেদেসের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছিলেন স্প্যানিশ মিডফিল্ডার গাভি। সেই ঘটনায় আর্জেন্টিনার খেলোয়াড়দের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ফিফা। তবে কোনো আর্জেন্টাইন ফুটবলারের নিষেধাজ্ঞা চান না স্পেনের এই মিডফিল্ডার।

বুধবার নিজ শহর লস পালাসিওস ই ভিয়াফ্রাঙ্কায় সতীর্থ ফাবিয়ান রুইসের সঙ্গে সংবর্ধনা গ্রহণ করেন গাভি। সেখানেই ফাইনালের মারামারি নিয়ে প্রথমবার কথা বলেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার।

গাভির মতে, ঘটনাটি শিশুদের সামনে ফুটবলের ভালো উদাহরণ তুলে ধরেনি। তবে ম্যাচের উত্তেজনায় এমন পরিস্থিতিও তৈরি হতে পারে। এ কারণে পারেদেস কিংবা আর্জেন্টিনার অন্য খেলোয়াড়দের পরে নিষিদ্ধ করার পক্ষে নন তিনি।

গাভি বলেন, ‘আমার মনে হয় না তাদের নিষিদ্ধ করা উচিত। শিশুদের জন্য এটি ভালো ছবি নয়। তবে ফুটবলের কিছুটা আক্রমণাত্মক দিকও আছে।’

মাঠেই প্রয়োজনীয় শাস্তি দিয়ে বিষয়টির সমাপ্তি টানা যেত বলে মনে করেন বার্সেলোনার এই মিডফিল্ডার। তার ভাষায়, সবচেয়ে যৌক্তিক সিদ্ধান্ত হতো ঘটনার সময় সংশ্লিষ্ট খেলোয়াড়কে লাল কার্ড দেখানো। শেষ পর্যন্ত এসব ফুটবলেরই অংশ বলেও মন্তব্য করেন তিনি।

গত রোববার নিউ জার্সিতে অনুষ্ঠিত ফাইনালে অতিরিক্ত সময়ের ১০৬ মিনিটে ফেরান তোরেসের গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারায় স্পেন। ম্যাচ শেষ হওয়ার পর স্প্যানিশ খেলোয়াড়েরা উদ্‌যাপন শুরু করলে দুই দলের কয়েকজন ফুটবলার সংঘর্ষে জড়িয়ে পড়েন।

নাহুয়েল মোলিনা ও স্পেন অধিনায়ক রদ্রির মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় থেকে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। পরে এরিক গার্সিয়াকে ধাক্কা দেন পারেদেস। স্পেনের বেঞ্চ থেকে এগিয়ে আসেন গাভি। একপর্যায়ে পারেদেসের সঙ্গে তারও ধস্তাধস্তি হয়।

ভিডিওতে পারেদেসকে গাভির গলা ধরে মাটিতে ফেলার চেষ্টা করতে দেখা যায়। আর্জেন্টিনার থিয়াগো আলমাদাও বেঞ্চ ছেড়ে সংঘর্ষে যোগ দেন। পরে স্পেনের কয়েকজন ফুটবলার এবং আর্জেন্টিনার সহকারী কোচ ওয়াল্টার স্যামুয়েল এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করেন।

ঘটনাটি তদন্তে একজন শৃঙ্খলা ও নৈতিকতাবিষয়ক প্রসিকিউটর নিয়োগ দিয়েছে ফিফা। তবে তদন্ত শেষ হওয়ার সময়সীমা কিংবা সম্ভাব্য শাস্তির বিষয়ে এখনো কিছু জানায়নি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

সূত্র: গ্লোবো এস্পোর্তে, রয়টার্স