বিশ্বকাপ জিতেই স্পেনের বিশ্বরেকর্ড, সঙ্গে আরেক বিরল কীর্তি

আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের পাশাপাশি ইতিহাসের পাতায় নতুন দুটি অধ্যায় যোগ করেছে স্পেন। একটি নতুন বিশ্বরেকর্ড গড়েছে লুইস দে লা ফুয়েন্তের দল, অন্যটিতে জায়গা করে নিয়েছে বিশ্বকাপের বিরল এক তালিকায়।
রোববার নিউইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে অতিরিক্ত সময়ের ১০৬ মিনিটে ফেরান তোরেসের গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারায় স্পেন। আট ম্যাচের প্রতিযোগিতায় এটি ছিল তাদের সপ্তম ক্লিনশিট।
পুরো বিশ্বকাপে স্পেন গোল হজম করেছে মাত্র একটি। কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে ২-১ ব্যবধানের জয়েই একমাত্র তাদের জালে বল ঢুকেছিল। বিশ্বকাপের ইতিহাসে এত কম গোল হজম করে আগে কোনো দল চ্যাম্পিয়ন হতে পারেনি।
আগের রেকর্ডটি ছিল দুই গোল হজম করার। ফ্রান্সের ১৯৯৮, ইতালির ২০০৬ এবং স্পেনের ২০১০ সালের চ্যাম্পিয়ন দল যৌথভাবে সেই রেকর্ডের মালিক ছিল। এবার নিজেদের পুরোনো রেকর্ডও ভেঙে দিয়েছে স্প্যানিশরা। পরিসংখ্যানের বিস্তারিত
এখানেই শেষ নয়। গোটা প্রতিযোগিতার কোনো ম্যাচেই এক মুহূর্তের জন্যও পিছিয়ে পড়েনি স্পেন। বিশ্বকাপজয়ী দল হিসেবে এর আগে এমন কীর্তি ছিল শুধু ইতালির ১৯৩৮ ও ১৯৮২ এবং জার্মানির ১৯৯০ সালের দলের।
গ্রুপ পর্বে কেপ ভার্দের সঙ্গে গোলশূন্য ড্র দিয়ে যাত্রা শুরু করেছিল স্পেন। এরপর সৌদি আরব, উরুগুয়ে, অস্ট্রিয়া, পর্তুগাল, বেলজিয়াম, ফ্রান্স ও আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা নিশ্চিত করে তারা। সাত জয়, সাত ক্লিনশিট এবং মাত্র এক গোল হজমের এই অভিযান বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা রক্ষণাত্মক সাফল্য হিসেবেই জায়গা করে নিল।
.png)






