logo

৯৫ মিনিটের গোলে পানামাকে হারাল ঘানা

৯৫ মিনিটের গোলে পানামাকে হারাল ঘানা
একেবারে শেষ মুহূর্তে জয় পায় আফ্রিকার দেশটি। ছবি: সংগৃহীত

ম্যাচের অধিকাংশ সময় গোলের দেখা মেলেনি। তবে শেষ বাঁশি বাজার ঠিক আগে এসে মিলল কাঙ্ক্ষিত মুহূর্ত। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ক্যালেব ইয়িরেঙ্কির গোলে পানামাকে ১-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে ঘানা।

গ্রুপ ‘এল’-এর ম্যাচে শুরুটা অবশ্য ছিল পানামার। টমাস ক্রিশ্চিয়ানসেনের দল বলের দখল ধরে রেখে ছোট ছোট পাসে খেলার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে। আদালবের্তো কারাসকিয়াকে ছাড়াই মধ্য আমেরিকার দলটি প্রথমার্ধে নিজেদের পরিকল্পনা বেশ ভালোভাবেই বাস্তবায়ন করেছিল।

অন্যদিকে নতুন কোচ কার্লোস কুইরোজের অধীনে মাত্র দুই মাস কাটানো ঘানাকে শুরুতে কিছুটা অগোছালোই মনে হচ্ছিল। অঁতোয়ান সেমেনিয়োকে প্রায় খুঁজেই পাওয়া যাচ্ছিল না, আক্রমণেও ধার ছিল কম। বিরতির পর আরও ধাক্কা খায় ব্ল্যাক স্টাররা, চোটের কারণে গোলরক্ষক লরেন্স আতি-জিগিকে তুলে নিতে হয়। তাঁর বদলি হিসেবে নামা বেঞ্জামিন আসারে অবশ্য কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করে দলকে ম্যাচে টিকিয়ে রাখেন।

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ম্যাচটি খোলামেলা হয়ে ওঠে। দুই দলই সুযোগ তৈরি করছিল, তবে তুলনামূলক বেশি বিপজ্জনক ছিল ঘানা। কার্লোস কুইরোজের বদলগুলোও কাজে দিতে শুরু করে। বিশেষ করে ব্র্যান্ডন থমাস-আসান্তে নেমে ঘানার আক্রমণে নতুন গতি যোগ করেন।

শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য গড়ে দেন এই বদলি খেলোয়াড়ই। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে বাঁ দিক দিয়ে দুর্দান্ত দৌড়ে প্রতিপক্ষের রক্ষণ ভেঙে বল বাড়িয়ে দেন থমাস-আসান্তে। তাঁর নিখুঁত পাস থেকে সহজ ফিনিশিংয়ে গোল করেন ক্যালেব ইয়িরেঙ্কি। আর সেই গোলেই ১-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ঘানা।

এই জয়ে গ্রুপ ‘এল’-এ ইংল্যান্ডের সঙ্গে তিন পয়েন্ট নিয়ে শুরু করল আফ্রিকার দলটি। অন্যদিকে শেষ মুহূর্তের হতাশায় বিশ্বকাপ অভিযান শুরু হলো পানামার।