ফাইনালে শটহীন আর্জেন্টিনার অনাকাঙ্ক্ষিত রেকর্ড

বিশ্বকাপের সর্বোচ্চ গোল করা দল হিসেবে ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। অথচ স্পেনের বিপক্ষে শিরোপার লড়াইয়ের প্রথমার্ধে একটি শটও নিতে পারেনি লিওনেল স্কালোনির দল। গোলশূন্য অবস্থায় বিরতিতে যাওয়ার পথে গড়েছে অনাকাঙ্ক্ষিত রেকর্ডও।
১৯৬৬ সাল থেকে সংরক্ষিত বিশ্বকাপের পরিসংখ্যানে এবারই প্রথম কোনো ম্যাচের প্রথমার্ধে একটি শটও নিতে ব্যর্থ হলো আর্জেন্টিনা। শুধু শটই নয়, স্পেনের বক্সে একবারও বল স্পর্শ করতে পারেননি লিওনেল মেসিরা। পায়নি কোনো কর্নারও।
অন্যদিকে বলের দখল ও আক্রমণে এগিয়ে থাকা স্পেন তিনটি শট নিয়েছে। ১৯৬৬ সালের পর বিশ্বকাপের কোনো ম্যাচের এক অর্ধে দুই দল মিলিয়ে এটিই সর্বনিম্ন শটের রেকর্ড। অতিরিক্ত সময়ের হিসাব এখানে অন্তর্ভুক্ত নয়।
প্রথমার্ধে স্পেনের প্রত্যাশিত গোলের পরিমাণ ছিল মাত্র ০.২৩। আর্জেন্টিনার পাশে সংখ্যাটি শূন্য। লামিনে ইয়ামালের পঞ্চম মিনিটের শট ও ৩৯ মিনিটে মিকেল ওইয়ারসাবালের প্রচেষ্টা ঠেকান এমিলিয়ানো মার্তিনেস।
স্পেনের ৬৫ শতাংশ বলের দখলের বিপরীতে অধিকাংশ সময় রক্ষণ সামলাতেই ব্যস্ত থাকতে হয়েছে আর্জেন্টিনাকে। ম্যাচে মেসির প্রভাবও ছিল খুব সীমিত। প্রথম ২০ মিনিটে তিনি মাত্র দুবার বল স্পর্শ করেন।
প্রথমার্ধের শেষদিকে চোট পেয়ে মাঠ ছাড়েন লিসান্দ্রো মার্তিনেজ। তার জায়গায় নামেন নিকোলাস ওতামেন্দি। ফলে দ্বিতীয়ার্ধের আগে আক্রমণের পাশাপাশি রক্ষণ নিয়েও নতুন পরিকল্পনা সাজাতে হচ্ছে স্কালোনিকে।
.png)






