Advertisement

আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল কবে, কখন ও কোথায়

এশিয়া পোস্ট স্পোর্টস
আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল কবে, কখন ও কোথায়
লিওনেল মেসি ও লামিনে ইয়ামাল। ছবি: ইয়াহু স্পোর্টস

দীর্ঘ এক মাসেরও বেশি সময়ের লড়াই শেষে ২০২৬ বিশ্বকাপ এখন শিরোপা নির্ধারণের অপেক্ষায়। ৪৮ দলের টুর্নামেন্টে টিকে থাকা শেষ দুই দল আর্জেন্টিনা ও স্পেন। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের সামনে টানা দ্বিতীয় শিরোপার হাতছানি, আর স্পেনের লক্ষ্য ১৬ বছর পর বিশ্বকাপ পুনরুদ্ধার।

Advertisement

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী রোববার, ১৯ জুলাই। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ম্যাচটি শুরু হবে বিকেল ৩টায়।

বাংলাদেশে তখন ২০ জুলাইয়ের শুরু। অর্থাৎ বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত ১টায় মাঠে নামবেন লিওনেল মেসি ও লামিন ইয়ামালরা।

ফাইনাল অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে অবস্থিত নিউইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে। সাধারণভাবে এটি মেটলাইফ স্টেডিয়াম নামে পরিচিত। প্রায় ৮২ হাজার ৫০০ দর্শক ধারণক্ষমতার মাঠটি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ফুটবল লিগের নিউইয়র্ক জায়ান্টস ও নিউইয়র্ক জেটসের ঘরের মাঠ।

ইংল্যান্ডের বিপক্ষে নাটকীয় প্রত্যাবর্তনের পর ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। অ্যান্থনি গর্ডনের গোলে পিছিয়ে পড়ার পর শেষ দিকে এনজো ফার্নান্দেজ ও লাউতারো মার্তিনেজের গোলে ২-১ ব্যবধানে জয় পায় লিওনেল স্কালোনির দল। দুটি গোলেই সহায়তা করেন মেসি।

অন্য সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারায় স্পেন। মিকেল ওইয়ারসাবালের পেনাল্টি ও পেদ্রো পোরোর গোলে ২০১০ সালের পর প্রথমবার বিশ্বকাপের ফাইনালে উঠেছে ইউরোপের বর্তমান চ্যাম্পিয়নরা।

আর্জেন্টিনার এটি সপ্তম বিশ্বকাপ ফাইনাল। আগের ছয়টির মধ্যে ১৯৭৮, ১৯৮৬ ও ২০২২ সালে শিরোপা জিতেছে তারা। স্পেন এর আগে একবারই ফাইনালে উঠেছিল। ২০১০ সালে নেদারল্যান্ডসকে হারিয়ে নিজেদের একমাত্র বিশ্বকাপ জেতে লা রোহারা।

একনজরে ফাইনাল

  • ম্যাচ: আর্জেন্টিনা বনাম স্পেন
  • তারিখ: ১৯ জুলাই ২০২৬
  • বাংলাদেশ সময়: ২০ জুলাই রাত ১টা
  • ভেন্যু: নিউইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম, ইস্ট রাদারফোর্ড
  • স্থানীয় সময়: বিকেল ৩টা
আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল কবে, কখন ও কোথায়