স্কটল্যান্ডের বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে ব্রাজিল

স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের গ্রুপ ‘সি’-এর শেষ ম্যাচে ব্রাজিলের একাদশে বড় পরিবর্তনের সম্ভাবনা কম। চোটে ছিটকে যাওয়া রাফিনিয়ার জায়গায় তরুণ উইঙ্গার রায়ানকে খেলানোর ইঙ্গিত দিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। শেষ অনুশীলনেও ডান প্রান্তে দেখা গেছে ১৯ বছর বয়সী এই ফুটবলারকে।
মায়ামিতে স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে বৃহস্পতিবার ভোর ৪টায়। শেষ ৩২ নিশ্চিত করতে আনচেলত্তির দলের দরকার অন্তত ড্র। তবে শুধু শেষ ৩২-এ ওঠাই নয়, গ্রুপসেরা হওয়ার হিসাবও মাথায় আছে ব্রাজিলের। দুই ম্যাচ শেষে ব্রাজিল ও মরক্কোর পয়েন্ট সমান ৪। গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে আছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
রাফিনিয়া হাইতির বিপক্ষে ৩-০ গোলের জয়ের ম্যাচে হ্যামস্ট্রিং চোট পান। সেই চোটের কারণেই স্কটল্যান্ড ম্যাচে তাকে পাওয়া যাচ্ছে না। তার অনুপস্থিতিতে ডান প্রান্তে কে খেলবেন, সেটি ছিল ব্রাজিল শিবিরের বড় প্রশ্ন। শেষ অনুশীলনের ইঙ্গিত বলছে, সেই জায়গায় রায়ানই আনচেলত্তির প্রথম পছন্দ।
সম্ভাব্য একাদশ হতে পারে: আলিসন; দানিলো, মার্কিনিওস, গাব্রিয়েল মাগালিয়েস, দগলাস সান্তোস; কাসেমিরো, ব্রুনো গিমারায়েস, লুকাস পাকেতা; রায়ান, মাতেউস কুনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র।
আনচেলত্তি সংবাদ সম্মেলনে সরাসরি একাদশ ঘোষণা করেননি। ব্রাজিলের চূড়ান্ত একাদশ সাধারণত ম্যাচের কয়েক ঘণ্টা আগে দলীয় আলোচনায় জানানো হয়। তবে রাফিনিয়ার বদলি নিয়ে তার ভাবনা পরিষ্কার। ব্রাজিল কোচ বলেছেন, ‘আমাদের পরিষ্কার ধারণা আছে, কে রাফিনিয়ার জায়গা নেবে। কার্ড নিয়ে ভাবার সুযোগ নেই।’
মাঠের প্রস্থ ধরে রাখার প্রসঙ্গেও রায়ানের নাম উল্লেখ করেন আনচেলত্তি। ব্রাজিল কোচ বলেন, ‘রায়ান যখন রাফিনিয়ার জায়গায় নেমেছিল, ভালো খেলেছে। এই দিকটিতে রায়ানের অনেক সম্ভাবনা আছে। অন্য খেলোয়াড়ও আছে যারা এই ব্যবস্থার সঙ্গে মানিয়ে নিতে পারে, কিন্তু মাঠে প্রস্থ দরকার হলে রায়ান সেই ভূমিকা পালন করতে পারে।’
গত কয়েক দিনের অনুশীলনে লুইজ হেনরিকেকেও ডান প্রান্তে পরীক্ষা করা হয়েছে। আক্রমণে এন্দ্রিক ও মাতেউস কুনিয়াকে একসঙ্গে রাখার বিকল্পও ভেবেছেন আনচেলত্তি। রক্ষণে গাব্রিয়েল মাগালিয়েসের জায়গায় লিও পেরেইরাকেও পর্যবেক্ষণ করা হয়েছে। তবে শেষ পর্যন্ত বড় রদবদলের পথে হাঁটার সম্ভাবনা কম।
স্কটল্যান্ড ম্যাচের আগে আরেকটি প্রশ্ন ছিল কার্ড নিয়ে। দগলাস সান্তোস ও কাসেমিরো আরেকটি হলুদ কার্ড দেখলে পরের ম্যাচে নিষিদ্ধ হবেন। তবে আনচেলত্তি জানিয়েছেন, কার্ডের ভয় মাথায় রেখে তিনি দল সাজাবেন না। তার লক্ষ্য সেরা সম্ভাব্য একাদশ নিয়ে ভালো ম্যাচ খেলা।
ব্রাজিল কোচের যুক্তি পরিষ্কার। গ্রুপসেরা হওয়ার সুযোগ সামনে, তাই ঝুঁকি ভেবে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বিশ্রাম দিতে চান না তিনি। স্কটল্যান্ডকে হারালে ব্রাজিল শুধু শেষ ৩২ নিশ্চিত করবে না, গ্রুপের শীর্ষস্থান ধরে রাখার সম্ভাবনাও বাড়াবে। ড্র করলেও শেষ ৩২ নিশ্চিত হবে।
নেইমারও এই ম্যাচের দলে আছেন। প্রায় তিন বছর পর জাতীয় দলের ম্যাচে ফিরতে পারেন তিনি। তবে তিনি শুরু করবেন কি না, বা কত মিনিট খেলবেন, সেটি এখনো নিশ্চিত নয়। আনচেলত্তি জানিয়েছেন, নেইমার ভালো অনুশীলন করেছেন এবং তার অভিজ্ঞতা দলকে সাহায্য করতে পারে।
নেইমার প্রসঙ্গে আনচেলত্তি বলেন, ‘সে খেলার জন্য প্রস্তুত। এই সপ্তাহে কাজ করেছে, ম্যাচের জন্য প্রস্তুত থাকতে পারে। সে ফিরেছে বলে আমরা খুব খুশি। তার মানের একজন খেলোয়াড় দলকে সাহায্য করতে পারে।’ কতক্ষণ খেলতে পারেন, এমন প্রশ্নে ব্রাজিল কোচ হালকা মেজাজে বলেন, ‘সে ৯০ মিনিট খেলতে পারে, হাঁটতে হাঁটতে।’ এরপরই যোগ করেন, ‘না, সে ভালো আছে। খুব ভালো কাজ করেছে, খুব ভালো অনুশীলন করেছে।’
আনচেলত্তির প্রত্যাশা, হাইতির বিপক্ষে প্রথমার্ধের মতো তীব্রতা ও কম ভুল নিয়ে খেলবে ব্রাজিল। তাঁর ভাষায়, ‘হাইতির বিপক্ষে প্রথমার্ধের মতো খেলতে হবে। বলে তীব্রতা রাখতে হবে, সঠিক সিদ্ধান্ত নিতে হবে এবং ভুল এড়াতে হবে। দল অনুশীলনে উন্নতি করছে, আমি বিশ্বাস করি আমরা আরও উন্নতি করব।’





