‘দেশের জন্য যা করেছি, তা নিয়ে গর্ব’, বললেন কেপ ভার্দে কোচ

বিশ্বকাপ অভিষেকেই কেপ ভার্দে যে গল্প লিখেছে, সেটি শেষ হলো আর্জেন্টিনার বিপক্ষে মাথা উঁচু করা লড়াইয়ে। শেষ ৩২-এর ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে দুইবার সমতায় ফিরেছিল আফ্রিকার ছোট দেশটি। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে ৩-২ গোলে হারলেও দল নিয়ে গর্ব লুকাননি কোচ বুবিস্তা।
ম্যাচ শেষে কেপ ভার্দে কোচ বলেন, ‘আমার দল, তাদের পরিশ্রম, সবকিছু নিয়েই আমি গর্বিত। দেশের জন্য আমরা যা করেছি, তা নিয়ে আমাদের গর্ব করতেই হবে। বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে এভাবে খেলতে পারা এবং দুইবার সমতায় ফিরতে পারা অবিশ্বাস্য।’
মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ২৮ মিনিটে লিওনেল মেসির গোলে পিছিয়ে পড়ে কেপ ভার্দে। কিন্তু ৫৯ মিনিটে রায়ান মেন্দেসের পাস থেকে দেরয় দুয়ার্তে গোল করে সমতা ফেরান। নির্ধারিত সময় শেষ হয় ১-১ সমতায়।
অতিরিক্ত সময়ের শুরুতেই লিসান্দ্রো মার্তিনেজ আবার আর্জেন্টিনাকে এগিয়ে দেন। এরপর ১০৩ মিনিটে সিডনি লোপেস কাবরালের অসাধারণ বাঁকানো শটে স্কোর হয় ২-২। শেষ পর্যন্ত ১১১ মিনিটে মেসির কর্নার থেকে ক্রিস্তিয়ান রোমেরোর হেড দিনেই বোর্হেসের হাতে লেগে জালে গেলে জয় নিশ্চিত হয় আর্জেন্টিনার।
কেপ ভার্দে শেষ পর্যন্ত হেরেছে সেট পিস থেকেই। তবে ফলের আক্ষেপ ছাপিয়ে বুবিস্তার চোখে বড় হয়ে উঠেছে দলের সাহস ও পরিচয়। তার কথায়, ‘সবচেয়ে বড় কথা, আমরা যা অর্জন করেছি, তা নিয়ে গর্ব করতেই হবে। এই বিশ্বকাপ আমাদের পরিশ্রমের মর্যাদা দিয়েছে। আমরা আমাদের চরিত্র দেখিয়েছি। হারাটা দুঃখের, কিন্তু অভিজ্ঞতাটা অবিশ্বাস্য।’
বুবিস্তার কাছে এই যাত্রা শুধু ফুটবলের গল্প নয়। ছোট দ্বীপদেশটির পরিচয় বিশ্বমঞ্চে তুলে ধরাও ছিল তাদের বড় লক্ষ্য। তিনি বলেন, ‘শুধু খেলা নয়, এর চেয়েও বড় ছিল বিশ্বকে আমাদের পরিচয় দেখানো।’
প্রথমবার বিশ্বকাপে খেলতে এসে কেপ ভার্দে স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের বিপক্ষে ড্র করে শেষ ৩২-এ উঠেছিল। নকআউটেও তারা আর্জেন্টিনাকে শেষ মুহূর্ত পর্যন্ত চাপে রেখেছে। গোলরক্ষক ভোজিনিয়ার সেভ, কেভিন পিনার দৃঢ়তা, দুয়ার্তে ও কাবরালের গোল, সব মিলিয়ে বিদায়ের রাতেও নিজেদের ছাপ রেখে গেছে দলটি।
বুবিস্তা বলেন, ‘আমরা সাহস নিয়ে খেলেছি এবং কখনো নিজেদের পরিচয় হারাইনি। সবাইকে খেলোয়াড়দের ধন্যবাদ জানানো উচিত, কারণ তারা দেখিয়েছে আমাদের ছোট দেশটা কী।’
কেপ ভার্দের বিশ্বকাপ শেষ, কিন্তু তাদের লড়াই আলাদা জায়গা করে নিল। হারলেও মাথা উঁচু করেই ফিরছে বুবিস্তার দল।




