থামল মেসির টানা গোলের রেকর্ডধারা

সুইজারল্যান্ডের বিপক্ষে ১২০ মিনিট খেলেও গোলের দেখা পাননি লিওনেল মেসি। এর মধ্য দিয়ে থামল বিশ্বকাপে তার টানা নয় ম্যাচে গোল করার রেকর্ডধারা।
২০২২ বিশ্বকাপের শেষ ষোলো থেকে শুরু হয়েছিল মেসির এই অসাধারণ যাত্রা। অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া এবং ফ্রান্সের বিপক্ষে টানা চার নকআউট ম্যাচে গোল করেছিলেন তিনি। ফ্রান্সের বিপক্ষে ফাইনালে এসেছিল দুটি গোল।
চার বছর পর ২০২৬ বিশ্বকাপেও সেই ধারা ধরে রাখেন আর্জেন্টিনা অধিনায়ক। গ্রুপ পর্বে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক, অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া এবং জর্ডানের বিপক্ষে একটি গোল করেন মেসি। এরপর কাবো ভার্দে ও মিসরের বিপক্ষে নকআউট ম্যাচেও লক্ষ্যভেদ করেন।
দুই বিশ্বকাপ মিলিয়ে টানা নয় ম্যাচে মেসির গোল ছিল ১৩টি। বিশ্বকাপে কোনো ফুটবলারের টানা ম্যাচে গোল করার এটিই সর্বোচ্চ রেকর্ড।
সুইজারল্যান্ড মেসিকে গোল করতে না দিলেও ম্যাচে নিজের ছাপ ঠিকই রেখেছেন ৩৯ বছর বয়সী তারকা। দশম মিনিটে তার কর্নার থেকেই হেডে আর্জেন্টিনার প্রথম গোল করেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।
চলতি বিশ্বকাপে মেসির গোল এখন আটটি। সমান আট গোল রয়েছে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পেরও। বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ২১ গোলের রেকর্ডটিও মেসির দখলে।
গোলের ধারাটি থামলেও মেসির বিশ্বকাপযাত্রা শেষ হয়নি। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আবারও গোল করার সুযোগ পাবেন আর্জেন্টিনা অধিনায়ক।




