মেসিদের জয়ের সম্ভাবনা কত, জানাল অপ্টার সুপারকম্পিউটার

এশিয়া পোস্ট স্পোর্টস
মেসিদের জয়ের সম্ভাবনা কত, জানাল অপ্টার সুপারকম্পিউটার
আর্জেন্টিনা ফুটবল দল। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শেষ ৩২-এ বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে এবার কেপ ভার্দে। একদিকে দুর্দান্ত ছন্দে থাকা লিওনেল মেসির দল, অন্যদিকে অভিষেক বিশ্বকাপেই চমক দেখানো আফ্রিকার ছোট দেশটি। ম্যাচের আগে তাই প্রশ্ন একটাই, কার সম্ভাবনা বেশি?

সেই প্রশ্নের উত্তর দিয়েছে অপ্টার সুপারকম্পিউটার। তাদের হিসাব অনুযায়ী, কেপ ভার্দের বিপক্ষে পরিষ্কার জয়ের দাবিদার আর্জেন্টিনা। শেষ ষোলোয় ওঠার সম্ভাবনায় আর্জেন্টিনাকে দেওয়া হয়েছে ৮৯.৮২ শতাংশ। অন্যদিকে কেপ ভার্দের সম্ভাবনা ১০.১৮ শতাংশ।

গ্রুপ পর্বে আর্জেন্টিনা ছিল দারুণ ছন্দে। তিন ম্যাচের তিনটিতেই জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে উঠেছে লিওনেল স্কালোনির দল। আক্রমণে সবচেয়ে বড় ভরসা মেসি। গ্রুপ পর্বে আর্জেন্টিনার ৮ গোলের ৬টিই এসেছে তার পা থেকে।

তবে কেপ ভার্দেকে হালকাভাবে দেখার সুযোগ নেই। প্রথমবার বিশ্বকাপে খেলতে এসেই তারা কঠিন গ্রুপ থেকে নকআউটে উঠেছে। স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের বিপক্ষে কোনো ম্যাচ হারেনি দলটি। স্পেন ও উরুগুয়ের বিপক্ষে ড্র করে নিজেদের রক্ষণশক্তি ও মানসিক দৃঢ়তা দেখিয়েছে তারা।

নকআউটে অবশ্য সমীকরণ ভিন্ন। এখানে ড্র করে টিকে থাকার সুযোগ নেই। জিতলেই পরের রাউন্ড, হারলেই বিদায়। তাই কেপ ভার্দের সামনে সবচেয়ে বড় পরীক্ষা আর্জেন্টিনার আক্রমণ সামলানো। মেসির সঙ্গে আলভারেস, লাউতারো মার্তিনেস, আলমাদা, দে পলদেরও আটকাতে হবে তাদের।

অপ্টার হিসাব আর্জেন্টিনাকে অনেকটাই এগিয়ে রাখলেও ফুটবলে অঘটন অস্বাভাবিক নয়। বিশেষ করে কেপ ভার্দে গ্রুপ পর্বে দেখিয়েছে, তারা বড় দলের বিপক্ষেও দলের বিপক্ষেও ভয় পায় না। দলটির কোচিং স্টাফও বলেছে, শুধু মেসিকে নয়, পুরো আর্জেন্টিনা দলকেই সামলানোর প্রস্তুতি নিচ্ছে তারা।

আর্জেন্টিনা কোচ স্কালোনিও তাই সতর্ক। তার মতে, কেপ ভার্দে হঠাৎ করে এই পর্যায়ে আসেনি। দলটি রক্ষণে সংগঠিত, ভেতরের জায়গা বন্ধ করতে পারে এবং পাল্টা আক্রমণে বিপজ্জনক। তাই আর্জেন্টিনা এগিয়ে থাকলেও ম্যাচটি দায়িত্বশীলভাবে খেলতে হবে।

বাংলাদেশ সময় শনিবার ভোর ৪টায় মায়ামিতে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কেপ ভার্দে। কাগজে-কলমে মেসিদের পথ সহজ মনে হলেও মাঠেই মিলবে শেষ উত্তর।