logo

আর্জেন্টিনা শিবিরে নতুন শঙ্কা

আর্জেন্টিনা শিবিরে নতুন শঙ্কা
নিকো পাজ। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের আগে আর্জেন্টিনা শিবিরে নতুন দুশ্চিন্তার নাম নিকো পাজ। কোমোর এই অ্যাটাকিং মিডফিল্ডার মৌসুমের শেষ দিকে হাঁটুর চোটে পড়েছিলেন। শুরুতে চোটটিকে বড় কিছু মনে করা হয়নি। ধারণা করা হচ্ছিল, বিশ্বকাপে তাঁর খেলতে সমস্যা হবে না। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেই আশাবাদে এখন অনিশ্চয়তার ছায়া পড়েছে।

ইতালিয়ান ক্লাব কোমোর হয়ে হেল্লাস ভেরোনার বিপক্ষে মৌসুমের শেষের আগের ম্যাচে হাঁটুতে চোট পান পাজ। এরপর মৌসুমের বাকি দুই ম্যাচে খেলতে পারেননি তিনি। প্রথমে চোটটি সামান্য বলে মনে হলেও এখন আর্জেন্টিনা দলে তাঁর ফিটনেস নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। চোটের মাত্রা এবং সুস্থ হতে কত সময় লাগবে, তা নিয়ে নিশ্চিত হতে পারছে না টিম ম্যানেজমেন্ট।

আর্জেন্টিনা দলের ভেতরে এখন পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে দিন ধরে। পাজকে আপাতত বিশ্বকাপের জন্য অনিশ্চিত ধরে রাখা হচ্ছে। শেষ পর্যন্ত তাঁর অবস্থার উন্নতি না হলে বিকল্প ভাবনাও প্রস্তুত রাখছে বিশ্বচ্যাম্পিয়নরা।

সাম্প্রতিক মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সে আর্জেন্টিনা দলে নিজের জায়গা শক্ত করেছিলেন নিকো পাজ। জাতীয় দলের পুনর্গঠনের পরিকল্পনায় তাঁকে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছিল। বিশেষ করে আনহেল দি মারিয়ার অবসরের পর আর্জেন্টিনার আক্রমণভাগ ও মিডফিল্ডের সংযোগে নতুন ধরনের সৃজনশীল খেলোয়াড়ের প্রয়োজন দেখা দিয়েছে। সেই জায়গায় পাজ হতে পারতেন কার্যকর সমাধান।

তবে নিজের ফিটনেস নিয়ে বাইরের উদ্বেগের মাঝেও পাজ সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক বার্তা দিয়েছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লিখেছেন, পুনর্বাসনের শেষ দিনগুলো চলছে, শুরু করার জন্য তিনি মুখিয়ে আছেন। তাঁর এই বার্তা আশাবাদী করলেও আর্জেন্টিনা দল এখনই নিশ্চিন্ত হতে পারছে না।

পাজ শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকে ছিটকে গেলে তাঁর জায়গায় আসতে পারেন এমিলিয়ানো বুয়েন্দিয়া। অ্যাস্টন ভিলার এই অ্যাটাকিং মিডফিল্ডার মৌসুমের শেষ ভাগে দারুণ ছন্দে ছিলেন। ইউরোপা লিগে ভিলার হয়ে তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে। আক্রমণাত্মক মিডফিল্ডের একাধিক পজিশনে খেলতে পারেন বলেও তাঁকে কার্যকর বিকল্প হিসেবে ভাবা হচ্ছে।

বুয়েন্দিয়া শুধু সৃজনশীলতা নয়, বড় ম্যাচে প্রভাব রাখার ক্ষমতাও দেখিয়েছেন। ইউরোপিয়ান প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ ম্যাচে তাঁর পারফরম্যান্স আর্জেন্টিনার নির্বাচকদের ভাবনায় আরও জোরালোভাবে তাঁকে এনেছে। বিশ্বকাপের মতো টুর্নামেন্টে আত্মবিশ্বাস ও ম্যাচ জেতানোর সামর্থ্য বড় বিষয়, সেই জায়গায় বুয়েন্দিয়ার নাম এখন আলোচনায়।

আর্জেন্টিনা এখন অপেক্ষা করছে নিকো পাজের ফিটনেস আপডেটের। চূড়ান্ত সিদ্ধান্তের আগে তাঁকে আরও পর্যবেক্ষণ করা হবে। বিশ্বকাপের আগে দলের ভারসাম্য ধরে রাখতে পাজকে পাওয়া আর্জেন্টিনার জন্য গুরুত্বপূর্ণ। তবে চোটের অবস্থা অনুকূলে না গেলে বুয়েন্দিয়ার জন্য খুলে যেতে পারে বিশ্বকাপের দরজা।