মেসিদের সেমিফাইনাল দেখতে গুনতে হবে তিন লাখ টাকার বেশি

বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স ও স্পেনের মতো দুই ইউরোপীয় পরাশক্তি মুখোমুখি হচ্ছে। তার পরও টিকিটের বাজারে সেই ম্যাচকে অনেকটাই পেছনে ফেলে দিয়েছে আর্জেন্টিনা-ইংল্যান্ড দ্বৈরথ। টিকিট পুনর্বিক্রির বাজারে লিওনেল মেসিদের ম্যাচের সবচেয়ে কম দামি টিকিটের মূল্য অন্য সেমিফাইনালের প্রায় দ্বিগুণ।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের সোমবার রাতের প্রতিবেদন অনুযায়ী, ফিফার আনুষ্ঠানিক পুনর্বিক্রয় ব্যবস্থায় আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের তৃতীয় শ্রেণির টিকিটের দাম ২ হাজার ৬০০ ডলার ছাড়িয়ে গিয়েছিল। বাংলাদেশি মুদ্রায় যা তিন লাখ টাকারও বেশি।
একই সময়ে ডালাসে ফ্রান্স-স্পেন সেমিফাইনালের টিকিট পাওয়া যাচ্ছিল ১ হাজার ৩০০ ডলার থেকে। অর্থাৎ সবচেয়ে কম দামি টিকিটের ক্ষেত্রেও দুই ম্যাচের ব্যবধান ছিল দ্বিগুণ। অন্য পুনর্বিক্রয় ব্যবস্থার মঙ্গলবারের তালিকাতেও প্রায় একই চিত্র দেখা গেছে। সেখানে ফ্রান্স–স্পেন ম্যাচের টিকিট শুরু হয়েছে ১ হাজার ১৯ ডলার থেকে, আর্জেন্টিনা-ইংল্যান্ডের ক্ষেত্রে তা ২ হাজার ৩৯ ডলার।
ফিফার ব্যবস্থায় আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের একটি টিকিটের চাওয়া দাম ১ লাখ ৫০ হাজার ডলার পর্যন্ত উঠেছিল। তবে এটি শুধুই বিক্রেতার নির্ধারণ করা মূল্য। ওই দামে টিকিটটি বিক্রি হয়েছে, এমন কোনো তথ্য নেই।
পুনর্বিক্রির তালিকা প্রতিনিয়ত পরিবর্তিত হওয়ায় সর্বনিম্ন দামও একেক সময়ে একেক রকম দেখা যাচ্ছে। আটলান্টার স্থানীয় সংবাদমাধ্যমের আরেকটি হিসাবে ফিফার ব্যবস্থায় সবচেয়ে কম দাম ছিল ২ হাজার ৩০০ ডলার। স্টাবহাবে সেটি ছিল প্রায় ২ হাজার ৮০০ ডলার। তাই ২ হাজার ৬০০ ডলারকে স্থায়ী মূল্য নয়, নির্দিষ্ট সময়ের বাজারদর হিসেবেই দেখতে হবে।
কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচের টিকিট একপর্যায়ে ৮০০ ডলার থেকেও পাওয়া গিয়েছিল। সেখান থেকে সেমিফাইনালে দাম কয়েক গুণ বেড়ে যাওয়ার পেছনে কাজ করছে দুই দলের ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতা ও ম্যাচটির তারকামূল্য।
১৯৬৬, ১৯৮৬, ১৯৯৮ ও ২০০২ বিশ্বকাপের স্মরণীয় অধ্যায়ের পর আবার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। দীর্ঘ ক্যারিয়ারে প্রথমবার ইংল্যান্ডের বিপক্ষে খেলতে যাচ্ছেন মেসি। অন্যদিকে জুড বেলিংহাম ও হ্যারি কেনের ইংল্যান্ড ১৯৬৬ সালের পর প্রথম বিশ্বকাপ ফাইনালের খোঁজে রয়েছে।
আটলান্টায় আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল শুরু হবে বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১টায়। মাঠের লড়াই শুরুর আগেই অবশ্য টিকিটের বাজারে অন্য সেমিফাইনালকে বড় ব্যবধানে হারিয়ে দিয়েছে ম্যাচটি।




