১০ লাল কার্ডের সেই রেফারির হাতে ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল

ফ্রান্স ও মরক্কোর বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালের আগে আলোচনায় ম্যাচের রেফারি ফাকুন্দো তেয়ো। আর্জেন্টিনার এই অভিজ্ঞ রেফারি বৃহস্পতিবার বোস্টন স্টেডিয়ামে ম্যাচটি পরিচালনা করবেন। তাঁর নিয়োগ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও ফরাসি সংবাদমাধ্যমে প্রশ্ন উঠেছে, কারণ ফ্রান্স টুর্নামেন্টে টিকে থাকলে সম্ভাব্য ফাইনালে তাদের প্রতিপক্ষ হতে পারে আর্জেন্টিনা।
তেয়ো দক্ষিণ আমেরিকান ফুটবলের পরিচিত মুখ। ২০১৩ সালে আর্জেন্টিনার শীর্ষ লিগে অভিষেক, ২০১৯ সাল থেকে আন্তর্জাতিক রেফারি। ২০২২ কাতার বিশ্বকাপেও দায়িত্ব পালন করেছিলেন তিনি। সেবার তিনটি ম্যাচ পরিচালনা করেন তেয়ো, যার মধ্যে ছিল মরক্কো-পর্তুগাল কোয়ার্টার ফাইনাল। সেই ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ডে মরক্কোর ওয়ালিদ চেদ্দিরাকে মাঠ ছাড়তে হয়েছিল।
পর্তুগালের বিদায়ের পর তেয়োর নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছিলেন ব্রুনো ফার্নান্দেজ ও পেপে। তাদের বক্তব্য ছিল, এমন বড় ম্যাচে আর্জেন্টিনার রেফারি দায়িত্ব পাওয়া অদ্ভুত, বিশেষ করে আগের দিন আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচ ঘিরে তীব্র বিতর্কের পর। এবার ফ্রান্স-মরক্কো ম্যাচের আগে সেই পুরোনো প্রসঙ্গও ফিরে এসেছে আলোচনায়।
তেয়োর ক্যারিয়ারের সবচেয়ে আলোচিত ঘটনা অবশ্য ২০২২ সালের আর্জেন্টাইন ট্রফি অব চ্যাম্পিয়ন্সের ফাইনাল। বোকা জুনিয়র্স ও রেসিংয়ের সেই ম্যাচে তিনি ১০ ফুটবলারকে লাল কার্ড দেখান। সঙ্গে মাঠ ছাড়তে হয় বোকা কোচ উগো ইবারাকেও। অতিরিক্ত সময়ে রেসিংয়ের জয়সূচক গোলের পর উত্তেজনা ছড়িয়ে পড়ে, দুই দলের খেলোয়াড়দের মধ্যে ধাক্কাধাক্কি হয়। শেষ পর্যন্ত বোকা ছয় খেলোয়াড়ে নেমে গেলে ম্যাচ শেষ হওয়ার আগেই বন্ধ হয়ে যায়।
দক্ষিণ আমেরিকার ক্লাব ফুটবলেও তেয়োর বড় ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা আছে। কোপা লিবার্তাদোরেসে দায়িত্ব পালনের পাশাপাশি ২০২৪ সালে বোটাফোগো ও আতলেতিকো মিনেইরোর ফাইনালও পরিচালনা করেন তিনি। রেকোপা সুদামেরিকানার গুরুত্বপূর্ণ ম্যাচেও দেখা গেছে তাকে।
চলতি বিশ্বকাপে তেয়ো গ্রুপ পর্বে কানাডা-বসনিয়া এবং দক্ষিণ আফ্রিকা-দক্ষিণ কোরিয়া ম্যাচ পরিচালনা করেছেন। এবার তার সামনে আরও বড় মঞ্চ, ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল।
এই নিয়োগ নিয়ে আলোচনার আরেকটি কারণ সাম্প্রতিক আর্জেন্টিনা-মিশর ম্যাচের ভিএআর বিতর্ক। সেই ম্যাচে ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ের কয়েকটি সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ হয়েছিল মিশর। এরপর ফ্রান্সের ম্যাচে আর্জেন্টাইন রেফারি নিয়োগ সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিতর্ক তৈরি করেছে।
তবে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম বিষয়টি নিয়ে উত্তেজনা বাড়াতে চাননি। তিনি বলেছেন, রেফারিদের ওপর তাঁর আস্থা আছে এবং ফ্রান্সের মনোযোগ মরক্কো ম্যাচেই। তাঁর বার্তা পরিষ্কার, ফ্রান্সের প্রতিপক্ষ মরক্কো, রেফারি নন।
মরক্কোর লক্ষ্যও বড়। ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সের কাছে হারার পর এবার শেষ আটে প্রতিশোধের সুযোগ পেয়েছে আটলাস লায়ন্সরা। সাইবারির চোট বড় ধাক্কা হলেও কোচ মোহামেদ উয়াহবির দল শুধু কোয়ার্টার ফাইনাল খেলতে নয়, আবার শেষ চারে উঠতেই মাঠে নামবে।
সূত্র: ge, AS, গার্ডিয়ান, ESPN




