বিদায়ের পর ব্রাজিলের কোচ নিয়ে সমালোচনার ঝড়

এশিয়া পোস্ট স্পোর্টস
বিদায়ের পর ব্রাজিলের কোচ নিয়ে সমালোচনার ঝড়
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে ব্রাজিলের বিদায়ের পর কোচ কার্লো আনচেলত্তির কৌশল নিয়ে কঠোর সমালোচনা করেছেন সাবেক ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফেলিপে মেলো। তার মতে, দলের ব্যর্থতার সবচেয়ে বড় দায় কোচেরই।

ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো এস্পোর্তের প্রতিবেদনে বলা হয়, ম্যাচ শেষে সেলেসাও স্পোর্তিভো বিশ্লেষণী অনুষ্ঠানে আনচেলত্তির সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করেন মেলো।

তিনি বলেন, কোচকে দোষ দেওয়া সহজ, কিন্তু এই ক্ষেত্রে দায়িত্ব এড়ানোর সুযোগ নেই। আমরা ইতিহাসের অন্যতম সেরা একজন কোচকে এনেছি। তাই প্রথম দায়ও তার। তাকে দায়িত্ব নিতেই হবে।

মেলো আরও বলেন, পরিকল্পনা তো কোচই করেন। তাই কোচ এবং তার কোচিং স্টাফকেও এর দায় নিতে হবে।

সাবেক এই ব্রাজিলিয়ান তারকার মতে, ম্যাচে নেইমারকে শুরুর একাদশে না রাখাই ছিল আনচেলত্তির সবচেয়ে বড় ভুল। লুকাস পাকেতার অনুপস্থিতিতে গ্যাব্রিয়েল মার্তিনেল্লিকে সুযোগ দেওয়ার সিদ্ধান্তও তিনি সমর্থন করেননি।

মেলো বলেন, আমি কোচের সিদ্ধান্ত বুঝি, কিন্তু তাকে বাস্তবতাও বুঝতে হবে। আমি হলে শুরু থেকেই নেইমারকে খেলাতাম। হয়তো প্রথমার্ধেই সে পেনাল্টি থেকে গোল করত, আর ম্যাচের চিত্রটাই বদলে যেত।

বিশ্বকাপে ফেবারিটদের অন্যতম ব্রাজিল শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিদায় নেয়। এরপর থেকেই দল নির্বাচন, কৌশল এবং আনচেলত্তির সিদ্ধান্ত নিয়ে ব্রাজিলের ফুটবল অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।