কেপ ভার্দে পরীক্ষার পর আবেগপ্রবণ স্কালোনি

কেপ ভার্দের বিপক্ষে ১২০ মিনিটের স্নায়ুচাপ পেরিয়ে শেষ ষোলোয় উঠেছে আর্জেন্টিনা। ৩-২ গোলের নাটকীয় জয়ের পর আবেগ লুকাননি কোচ লিওনেল স্কালোনি। আর্জেন্টিনা কোচ হিসেবে নিজের ১০০তম ম্যাচে এমন বিদায়ের শঙ্কা যে তাঁকে নাড়িয়ে দিয়েছিল, সেটিও তাঁর কথায় স্পষ্ট।
ম্যাচ শেষে স্কালোনি বলেন, ‘খুব কঠিন ম্যাচ ছিল। সবসময় ইতিবাচক দিক নিতে হয়। এই দল কখনো হাল ছাড়ে না।’
কেপ ভার্দেকেও কৃতিত্ব দিতে ভোলেননি আর্জেন্টিনা কোচ। বিশ্বকাপ অভিষেকেই স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের গ্রুপ থেকে অপরাজিত থেকে নকআউটে ওঠা দলটি আর্জেন্টিনাকেও শেষ সীমা পর্যন্ত নিয়ে যায়। স্কালোনি বলেন, ‘প্রতিপক্ষকে অভিনন্দন জানাতে হবে। যখন বলা হয় সহজ প্রতিপক্ষ নেই, আজ তারা দেখিয়েছে, তারা দারুণ দল।’
মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ম্যাচটি শুরুতে আর্জেন্টিনার নিয়ন্ত্রণেই ছিল। লিওনেল মেসির গোলে এগিয়েও যায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। কিন্তু দ্বিতীয়ার্ধে দেরয় দুয়ার্তের গোলে সমতায় ফেরে কেপ ভার্দে। অতিরিক্ত সময়েও নাটক থামেনি। লিসান্দ্রো মার্তিনেজ আর্জেন্টিনাকে এগিয়ে দেওয়ার পর সিডনি লোপেস কাবরালের দুর্দান্ত শটে আবার ২-২ করে কেপ ভার্দে।
শেষ পর্যন্ত মেসির কর্নার থেকে ক্রিস্তিয়ান রোমেরোর হেড কেপ ভার্দের ডিফেন্ডারের গায়ে লেগে জালে গেলে স্বস্তির জয় পায় আর্জেন্টিনা। ম্যাচ শেষে স্কালোনির কথাতেও ছিল সেই স্বস্তি, একই সঙ্গে সতর্কতার সুর।
নিজের ১০০তম ম্যাচে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলে সেটি কতটা কঠিন হতো, সেটিও লুকাননি আর্জেন্টিনা কোচ। স্কালোনি বলেন, ‘হারলে সেটা পাগলামি হতো। কিন্তু এটাই ফুটবল।’
ম্যাচের বিশ্লেষণে স্কালোনি স্বীকার করেন, আর্জেন্টিনাকে অনেক কষ্ট করতে হয়েছে। তবে তিনি দলের চরিত্রকেই বড় করে দেখছেন। তাঁর মতে, এই ম্যাচ আবারও প্রমাণ করেছে, বিশ্বকাপে কোনো সহজ প্রতিপক্ষ নেই। কাগজে-কলমে শক্তির পার্থক্য থাকলেও মাঠে সব দলই নিজেদের সবটুকু দিয়ে লড়ছে।
স্কালোনি বলেন, ‘সবাই খুব ক্লান্ত হয়ে শেষ করেছে, সবাই সবকিছু দিয়েছে। এটাই আর্জেন্টিনা। যারা বোঝে না, তাদের জন্য কঠিন। আমরা আর্জেন্টাইনরা এটা বুঝি। এখানে সহজ কিছু নেই।’
কেপ ভার্দের দ্বিতীয় গোল নিয়েও প্রশংসা ছিল স্কালোনির কণ্ঠে। সিডনি লোপেস কাবরালের বাঁকানো শট নিয়ে তিনি বলেন, ‘ওটা অবিশ্বাস্য গোল। আপনি যদি জানেনও সে ওভাবে শট নেয়, তখনও কিছু করার থাকে না।’
শেষ ষোলোয় আর্জেন্টিনার সামনে এবার মিশর। কেপ ভার্দে ম্যাচটি স্কালোনির দলের জন্য সতর্কবার্তা, তবে একই সঙ্গে মানসিক শক্তির প্রমাণও। নিজেদের সেরা ফুটবল না খেলেও শেষ পর্যন্ত পথ খুঁজে নেওয়া, সেটিই এখন আর্জেন্টিনার বড় ভরসা।




