logo

এবার একাই বিশ্বকাপ আয়োজন করতে চান ট্রাম্প

এবার একাই বিশ্বকাপ আয়োজন করতে চান ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প ও জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: পলিটকো

কানাডা ও মেক্সিকোকে সঙ্গে নিয়ে এবারের বিশ্বকাপ আয়োজন করেই সন্তুষ্ট নন ডোনাল্ড ট্রাম্প। ভবিষ্যতে আরেকটি বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব শুধু যুক্তরাষ্ট্রকে দেওয়ার পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

২০২৬ বিশ্বকাপের ফাইনালের আগে শুক্রবার নিউইয়র্কের ট্রাম্প টাওয়ারে ফিফার এক অনুষ্ঠানে কথাটি বলেন ট্রাম্প। তার পাশেই ছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনের এই বিশ্বকাপকে সফল দাবি করে ট্রাম্প বলেন, ‘এবারের বিশ্বকাপ এতটাই সফল হয়েছে যে আমার পরামর্শ, আবারও যুক্তরাষ্ট্রকে আয়োজক হিসেবে বেছে নেওয়া হোক। তবে এবার কানাডা ও মেক্সিকোকে বাদ দিতে হবে। তাদের সঙ্গে আয়োজনটি ভালো ছিল, কিন্তু পরেরবার অন্যভাবে করা যাক।’

ট্রাম্প কথাগুলো বলেছেন কিছুটা রসিকতার সুরে। তার মন্তব্যে অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা হেসেও ওঠেন। যুক্তরাষ্ট্র এককভাবে আরেকটি বিশ্বকাপ আয়োজনের জন্য এখনো কোনো আনুষ্ঠানিক আবেদন করেনি।

রসিকতা অব্যাহত রেখে ট্রাম্প জানান, ইনফান্তিনো নাকি যুক্তরাষ্ট্র ও চীনকে নিয়ে যৌথভাবে একটি বিশ্বকাপ আয়োজনের ধারণাও দিয়েছেন। দুই দেশের মধ্যে ভ্রমণকে ‘ছোট্ট যাত্রা’ উল্লেখ করে তিনি বলেন, এমন সূচি খেলোয়াড়েরা খুব পছন্দ করবেন। তার পাশে দাঁড়িয়ে সেই মন্তব্যে হাসতে দেখা যায় ফিফা সভাপতিকেও।

২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো তিনটি দেশ যৌথভাবে আয়োজকের দায়িত্ব পালন করছে। প্রতিযোগিতার ১০৪ ম্যাচের মধ্যে ৭৮টি হয়েছে যুক্তরাষ্ট্রে। কানাডা ও মেক্সিকো আয়োজন করেছে ১৩টি করে ম্যাচ। কোয়ার্টার ফাইনাল থেকে ফাইনাল পর্যন্ত সব ম্যাচের আয়োজকও যুক্তরাষ্ট্র।

ট্রাম্পের দাবি, এবারের বিশ্বকাপ বিভিন্ন ক্ষেত্রে আগের রেকর্ড ভেঙেছে। ফাইনালের আগেই স্টেডিয়ামে প্রায় ৬৭ লাখ দর্শক খেলা দেখেছেন। টেলিভিশন ও অনলাইনেও কয়েক শ কোটি মানুষ প্রতিযোগিতাটি অনুসরণ করেছেন বলে জানিয়েছেন ইনফান্তিনো।

যুক্তরাষ্ট্র এর আগে এককভাবে ১৯৯৪ বিশ্বকাপ আয়োজন করেছিল। তবে দেশটির আবার বিশ্বকাপ আয়োজনের সবচেয়ে কাছের সুযোগ আসতে পারে ২০৩৮ সালে। কারণ ২০৩০ বিশ্বকাপের আয়োজক স্পেন, পর্তুগাল ও মরক্কো। শতবর্ষ উদযাপনের তিনটি ম্যাচ হবে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে। ২০৩৪ সালের আসর আয়োজন করবে সৌদি আরব।

২০৩৮ বিশ্বকাপের আয়োজক এখনো চূড়ান্ত করেনি ফিফা। যুক্তরাষ্ট্রের বিশ্বকাপবিষয়ক কর্মদলের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি আগেই জানিয়েছিলেন, দেশটি ওই আসরের জন্য আবেদন করার কথা বিবেচনা করতে পারে। বিশেষ করে ভবিষ্যতে অংশগ্রহণকারী দলের সংখ্যা ৬৪ করা হলে প্রয়োজনীয় অবকাঠামো শুধু যুক্তরাষ্ট্রেরই রয়েছে বলে দাবি করেছিলেন তিনি।

ট্রাম্পের মন্তব্য তাই পুরোপুরি আকস্মিক নয়। তবে কানাডা ও মেক্সিকোকে বাদ দেওয়ার বিষয়টি এখন পর্যন্ত তার ব্যক্তিগত ও রসিকতাপূর্ণ প্রস্তাবের মধ্যেই সীমাবদ্ধ।

স্থানীয় সময় রোববার নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে আর্জেন্টিনা ও স্পেনের বিশ্বকাপ ফাইনাল দেখতে উপস্থিত থাকবেন ট্রাম্প। ফিফা সভাপতি ইনফান্তিনোর সঙ্গে বিজয়ীদের হাতে ট্রফিও তুলে দেওয়ার কথা রয়েছে তার।