logo

বিশ্বকাপে দক্ষিণ আমেরিকার বিপক্ষে গোলহীন রোনালদো

বিশ্বকাপে দক্ষিণ আমেরিকার বিপক্ষে গোলহীন রোনালদো
ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি: সংগৃহীত

ক্রিশ্চিয়ানো রোনালদোর বিশ্বকাপ ক্যারিয়ারে গোল আছে ৮টি। পাঁচটি আসরে গোল করে বিরল ধারাবাহিকতার নজিরও গড়েছেন পর্তুগিজ মহাতারকা। কিন্তু একটি জায়গায় এখনও অপূর্ণতা রয়ে গেছে। বিশ্বকাপে দক্ষিণ আমেরিকার কোনো দলের বিপক্ষে এখনও গোল করতে পারেননি পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী।

এই পরিসংখ্যানই এখন দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার জন্য আশার কারণ। ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বে পর্তুগালের সঙ্গে একই গ্রুপে আছে কলম্বিয়া। কঙ্গো ও উজবেকিস্তানও রয়েছে সেই গ্রুপে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে মায়ামিতে মুখোমুখি হবে পর্তুগাল ও কলম্বিয়া।

বিশ্বকাপে রোনালদোর গোল এসেছে ইরান, উত্তর কোরিয়া, ঘানা ও মরক্কোর বিপক্ষে। ইউরোপীয় প্রতিপক্ষের বিপক্ষেও তার স্মরণীয় পারফরম্যান্স আছে, যার মধ্যে ২০১৮ রাশিয়া বিশ্বকাপে স্পেনের বিপক্ষে হ্যাটট্রিক সবচেয়ে আলোচিত। তবে কনমেবল অঞ্চলের দলগুলোর বিপক্ষে এখন পর্যন্ত গোলের খাতা খুলতে পারেননি তিনি।

বিশ্বকাপে দক্ষিণ আমেরিকার দলের বিপক্ষে রোনালদো খেলেছেন তিন ম্যাচ। ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ব্রাজিলের সঙ্গে গোলশূন্য ড্র, ২০১৮ রাশিয়া বিশ্বকাপে উরুগুয়ের কাছে হার এবং ২০২২ কাতার বিশ্বকাপে উরুগুয়ের বিপক্ষে জয়, এই তিন ম্যাচেই গোল পাননি তিনি।

তবে প্রীতি ম্যাচে আর্জেন্টিনা, ইকুয়েডর ও প্যারাগুয়ের মতো দলের বিপক্ষে গোল করার অভিজ্ঞতা আছে রোনালদোর। তাই বিশ্বকাপের মঞ্চে দক্ষিণ আমেরিকার বিপক্ষে খরা কাটানোর সুযোগ এবার কলম্বিয়ার বিপক্ষে।

পর্তুগাল কোচ রবের্তো মার্তিনেজ অবশ্য রোনালদোকে শুধু আইকন হিসেবে নয়, দলের অধিনায়ক হিসেবেও দেখছেন। সাম্প্রতিক সময়ে তিনি বলেছেন, রোনালদোকে নিয়ে কথা বললে দুই রকম খেলোয়াড়ের কথা বলতে হয়। একজন বিশ্ব ফুটবলের আইকন, আরেকজন তাদের অধিনায়ক, যার ওপর দলের অন্যদের মতোই একই দাবি থাকে।

পর্তুগাল বিশ্বকাপ অভিযান শুরু করবে কঙ্গোর বিপক্ষে। এরপর উজবেকিস্তানের মুখোমুখি হবে তারা। গ্রুপের শেষ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে লড়াই শুধু পয়েন্টের নয়, রোনালদোর জন্য ব্যক্তিগত এক অস্বস্তি কাটানোর সুযোগও।