logo

উজবেক ধাক্কা সামলে কলম্বিয়ার দুর্দান্ত জয়

উজবেক ধাক্কা সামলে কলম্বিয়ার দুর্দান্ত জয়
কলম্বিয়া দল। ছবি: সংগৃহীত

বিশ্বকাপে ফিরেই জয় পেল কলম্বিয়া। তবে জয়টা যতটা স্বস্তির, ততটাই সতর্কবার্তারও। মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ ‘কে’তে শুভসূচনা করেছে নেস্তর লরেনসোর দল।

ম্যাচের শুরু থেকেই বলের দখল নিয়ে খেলেছে কলম্বিয়া। জেমস রদ্রিগেজ, জন আরিয়াস ও লুইস দিয়াসের মুভমেন্টে উজবেক রক্ষণকে চাপে রাখছিল তারা। ৩৩ মিনিটে আরিয়াসের দারুণ পাস থেকে দিয়াসের শট পোস্টে লাগে। শেষ পর্যন্ত ৪১ মিনিটে কাঙ্ক্ষিত গোল পায় কলম্বিয়া। জেফারসন লার্মার মাপা পাস ধরে ডান দিক থেকে উঠে এসে দুর্দান্ত ফিনিশিংয়ে গোল করেন ড্যানিয়েল মুনিয়োস।

প্রথমার্ধে কলম্বিয়া এগিয়ে থাকলেও বিরতির পর উজবেকিস্তান লাইন একটু ওপরে তোলে। ৬০ মিনিটে কলম্বিয়া গোলরক্ষক কামিলো ভারগাসের ভুলের সুযোগ নিয়ে সমতা ফেরান আব্বোসবেক ফাইজুল্লায়েভ। এলদোর শোমুরোদভের প্রচেষ্টা ভারগাস ঠিকমতো সামলাতে না পারলে ফিরতি বল পেয়ে মাথা ছুঁইয়ে জালে পাঠান ফাইজুল্লায়েভ। বিশ্বকাপে অভিষিক্ত উজবেকিস্তানের জন্য গোলটি ছিল বড় মুহূর্ত।

তবে সমতায় খুব বেশি সময় থাকতে পারেনি ফাবিও ক্যানাভারোর দল। ৬৫ মিনিটে দ্রুত আক্রমণ থেকে গোল করে কলম্বিয়াকে আবার এগিয়ে দেন লুইস দিয়াস। বাঁ দিক থেকে ভেতরে ঢুকে তাঁর ক্রস শট উজবেক গোলরক্ষক উতকির ইউসুপভের হাত ছুঁয়ে জালে জড়ায়। চাপের মুহূর্তে দলের সবচেয়ে বড় তারকাই এনে দেন স্বস্তি।

শেষ দিকে উজবেকিস্তান কিছুটা চাপ তৈরি করলেও কলম্বিয়া আর ব্যবধান হারায়নি। যোগ করা সময়ে উজবেকরা কয়েকবার কলম্বিয়ার রক্ষণকে ব্যস্ত রাখে। তবে লরেনসোর দল উল্টো যোগ করা সময়ের সপ্তম মিনিটে গোল করে। স্কোর শিটে নাম লেখান জেমিন্টন ক্যাম্পাজ।

এই জয়ে পর্তুগাল ও ডিআর কঙ্গোর ১-১ ড্রয়ের সুযোগ কাজে লাগিয়ে গ্রুপ ‘কে’র শীর্ষে উঠল কলম্বিয়া। তবে রক্ষণ ও ম্যাচ নিয়ন্ত্রণে আরও উন্নতি দরকার, সেটাও এই ম্যাচ স্পষ্ট করে দিয়েছে।