মেসির জন্য বিশেষ উপহার দিতে চায় কেপ ভার্দে

বিশ্বকাপ অভিষেকেই চমক দেখিয়েছে কেপ ভার্দে। এবার নকআউট পর্বে তাদের সামনে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রতিপক্ষের অধিনায়ক লিওনেল মেসি। ম্যাচটি তাই আফ্রিকার ছোট দেশটির জন্য শুধু ফুটবল লড়াই নয়, বড় এক উপলক্ষও।
বাংলাদেশ সময় শনিবার ভোর ৪টায় মায়ামিতে শেষ ৩২-এর ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হবে কেপ ভার্দে। মাঠে তারা আর্জেন্টিনাকে হারানোর স্বপ্ন দেখছে, তবে ম্যাচের আগে মেসিকে সম্মান জানাতেও প্রস্তুতি আছে দেশটির।
কেপ ভার্দের প্রেসিডেন্ট জোসে মারিয়া নেভেস জানিয়েছেন, মেসিকে একটি স্মারক উপহার দিতে চান তারা। সেটি কেপ ভার্দে জাতীয় দলের একটি জার্সি। জার্সির পেছনে থাকবে মেসির নাম এবং তাঁর বিখ্যাত ১০ নম্বর।
আর্জেন্টিনার এক রেডিওতে নেভেস বলেন, ‘আমাদের জাতীয় দল যেন মেসিকে তার ১০ নম্বরের একটি জার্সি উপহার দিতে পারে, সে জন্য আমি সব চেষ্টা করব। বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে তাকে সম্মান জানাতেই এটি করতে চাই।’
নেভেসের কাছে মেসি ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়। তাই আর্জেন্টিনা অধিনায়ককে স্বাগত জানানো তাদের জন্য সম্মানের বলে মনে করেন তিনি। তবে সম্মান আর মাঠের লড়াইকে আলাদা করেই দেখছে কেপ ভার্দে।
প্রেসিডেন্টের বিশ্বাস, কেপ ভার্দে আর্জেন্টিনাকে চমকে দিতে পারে। তার মতে, ১-০ গোলে জেতার স্বপ্ন দেখতেই পারে তার দেশ। এই বিশ্বকাপে নিজেদের সীমা ছাড়িয়ে যাওয়ার গল্প লিখছে কেপ ভার্দে, আর সেই যাত্রায় বিশ্বচ্যাম্পিয়নদের মুখোমুখি হওয়াকে তারা বড় সুযোগ হিসেবেই দেখছে।
গ্রুপ ‘এইচ’ থেকে রানার্সআপ হয়ে নকআউটে উঠেছে কেপ ভার্দে। স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের কঠিন গ্রুপে তারা কোনো ম্যাচ হারেনি। তিন ম্যাচেই ড্র করেছে, গোল হজম করেছে মাত্র দুটি। সেই রক্ষণশক্তি নিয়েই এবার মেসি-পরীক্ষায় নামবে তারা।
আর্জেন্টিনা অবশ্য ম্যাচটির পরিষ্কার জয়ের দাবিদার। তবে অভিষেক বিশ্বকাপে কেপ ভার্দে ইতোমধ্যেই দেখিয়েছে, তারা ভয় পেতে আসেনি। দলটির কোচ বুবিস্তা বলেছেন, আর্জেন্টিনা ও মেসিকে তারা সম্মান করেন, কিন্তু নিজেদেরও সম্মান প্রাপ্য। নির্দিষ্টভাবে মেসিকে থামানোর পরিকল্পনা নয়, পুরো আর্জেন্টিনা দলকেই সামলানোর প্রস্তুতি নিচ্ছে কেপ ভার্দে।
লিওনেল স্কালোনিও প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছেন না। আর্জেন্টিনা কোচের মতে, কেপ ভার্দে হঠাৎ করে এই পর্যায়ে আসেনি। তারা সংগঠিত রক্ষণে খেলে, ভেতরের জায়গা বন্ধ করে এবং পাল্টা আক্রমণে বিপজ্জনক হতে পারে।
তাই ম্যাচের আগে দৃশ্যটা দুই রকম। মাঠের বাইরে মেসির জন্য সম্মান, মাঠে আর্জেন্টিনার বিপক্ষে লড়াই। কেপ ভার্দের বার্তা পরিষ্কার, মেসিকে জার্সি দেবে শ্রদ্ধা থেকে, কিন্তু ম্যাচে ছাড় দেবে না।





