Advertisement

আর্জেন্টিনা না স্পেন, চ্যাম্পিয়ন হিসেবে যাদের দেখছেন রোনালদো

এশিয়া পোস্ট স্পোর্টস
আর্জেন্টিনা না স্পেন, চ্যাম্পিয়ন হিসেবে যাদের দেখছেন রোনালদো
রোনালদো নাজারিও। ছবি: এএস

বিশ্বকাপ ফাইনাল ঘিরে ফুটবল দুনিয়া যখন দুই ভাগে বিভক্ত, তখন কোনো রাখঢাক রাখলেন না ব্রাজিলের কিংবদন্তি রোনালদো নাজারিও। লিওনেল মেসির আর্জেন্টিনা নয়, শিরোপা জয়ে স্পেনকেই বেছে নিয়েছেন তিনি। শুধু জয় নয়, স্পেন সহজেই ফাইনাল জিতবে বলে মনে করেন দুইবারের বিশ্বকাপজয়ী এই তারকা।

ফাইনালের আগে ইএসপিএন ব্রাজিলকে দেওয়া সাক্ষাৎকারে রোনালদো বলেন, তার বিশ্বাস স্পেন ম্যাচটি জিতবে এবং সেটি সহজভাবেই। টুর্নামেন্টের শুরু থেকেই ফ্রান্স ও স্পেনকে নিজের দুই ফেভারিট হিসেবে দেখেছেন তিনি। সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়ে ফাইনালে ওঠা স্পেন এখন সেই আস্থার প্রতিদান দেবে বলেই তার ধারণা।

স্পেনকে এগিয়ে রাখার পেছনে দলটির বল দখল এবং ম্যাচ নিয়ন্ত্রণের ক্ষমতাকে বড় কারণ মনে করছেন সাবেক বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ তারকা। তার মতে, স্পেনের ফুটবলাররা ছোটবেলা থেকেই নির্দিষ্ট একটি পদ্ধতিতে খেলে বেড়ে ওঠেন। ফলে মাঠের কোন পরিস্থিতিতে কী করতে হবে, সেটি তাদের প্রায় স্বয়ংক্রিয়ভাবেই জানা থাকে।

রোনালদোর ধারণা, স্পেন এক বা দুই গোলে এগিয়ে গেলে আর্জেন্টিনার জন্য ম্যাচে ফেরা অত্যন্ত কঠিন হয়ে পড়বে। কারণ, এগিয়ে যাওয়ার পর বলের নিয়ন্ত্রণ ধরে রেখে প্রতিপক্ষকে ম্যাচ থেকে দূরে সরিয়ে রাখার সামর্থ্য রয়েছে লুইস দে লা ফুয়েন্তের দলের।

তবে মেসিদের বিশ্বকাপযাত্রাকেও ছোট করে দেখেননি ব্রাজিলের সাবেক স্ট্রাইকার। বর্তমান চ্যাম্পিয়নদের লড়াকু মানসিকতা, প্রতিকূলতা পেরিয়ে ওঠার ক্ষমতা এবং প্রতিযোগিতামূলক চরিত্রের প্রশংসা করেছেন তিনি। তার চোখে আর্জেন্টিনার এবারের গল্প সুন্দর হলেও কৌশলগত প্রস্তুতি ও দলীয় সমন্বয়ে স্পেন কিছুটা এগিয়ে।

রোববার দিবাগত রাত ১টায় নিউইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। মেসির দল শিরোপা ধরে রাখার অভিযানে নামবে, আর স্পেনের সামনে ২০১০ সালের পর দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের সুযোগ।