দাবানলের ধোঁয়ায় স্পেনের অনুশীলন

বিশ্বকাপ ফাইনালের আগে স্পেনের প্রস্তুতিতে নতুন উদ্বেগ তৈরি করেছে কানাডার দাবানলের ধোঁয়া। নিউ জার্সির বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে পৌঁছালেও খোলা আকাশের নিচেই অনুশীলন করেছেন লামিনে ইয়ামালরা।
বৃহস্পতিবার উত্তর নিউ জার্সির ইস্ট হ্যানোভারে প্রায় এক ঘণ্টার অনুশীলন সেশন করে স্পেন। ধোঁয়ার ঘন আস্তরণে সূর্যের আলোও অনেকটা ম্লান হয়ে গিয়েছিল। সংবাদমাধ্যমকে অনুশীলনের প্রথম ১৫ মিনিট দেখার অনুমতি দেওয়া হয়।
কানাডার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়া দাবানলের ধোঁয়া বাতাসে ভেসে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে পৌঁছেছে। নিউ জার্সির বিভিন্ন এলাকায় বাতাসের মান অস্বাস্থ্যকর থেকে বিপজ্জনক পর্যায়ের মধ্যে ওঠানামা করায় স্বাস্থ্য সতর্কতা জারি করা হয়েছে। এরপরও স্পেন কেন অনুশীলন ঘরের ভেতরে সরিয়ে নেয়নি, সেটি পরিষ্কার নয়।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, দাবানলের ধোঁয়ায় থাকা সূক্ষ্ম কণা ও বিষাক্ত পদার্থ ফুসফুসের গভীরে প্রবেশ করতে পারে। উচ্চমাত্রার শারীরিক পরিশ্রমের সময় খেলোয়াড়েরা দ্রুত ও গভীরভাবে শ্বাস নেওয়ায় ঝুঁকি আরও বেড়ে যায়। এতে শ্বাসতন্ত্রের সমস্যা, প্রদাহ এবং খেলোয়াড়দের পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব পড়তে পারে।
এমন পরিস্থিতিতে খোলা জায়গায় অনুশীলন না করে দলকে ইনডোর সুবিধা ব্যবহারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বাইরে থাকতেই হলে সুরক্ষামূলক মাস্ক ব্যবহারের কথাও বলা হয়েছে। স্প্যানিশ ফুটবল ফেডারেশন বা ফিফা বিকল্প অনুশীলনব্যবস্থা নিয়ে আলোচনা করেছে কি না, তা জানা যায়নি।
স্পেনের তুলনায় এ ক্ষেত্রে স্বস্তিতে রয়েছে আর্জেন্টিনা। লিওনেল মেসির দল এখনো আটলান্টা এলাকায় অনুশীলন করছে। যুক্তরাষ্ট্রের আরও দক্ষিণে অবস্থিত হওয়ায় সেখানে কানাডার দাবানলের ধোঁয়ার প্রভাব পড়েনি।
আর্জেন্টিনা ও স্পেনের বিশ্বকাপ ফাইনাল অনুষ্ঠিত হবে নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডের খোলা স্টেডিয়ামে। স্থানীয় সময় রোববার বিকেল ৩টায়, বাংলাদেশ সময় সোমবার রাত ১টায় শুরু হবে ম্যাচটি।
তবে ফাইনালের সময় পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনাই বেশি। শনিবার ভারী বৃষ্টি এবং রোববার সকালে একটি শীতল বায়ুপ্রবাহ নিউইয়র্ক ও নিউ জার্সির আকাশ থেকে ধোঁয়া সরিয়ে দিতে পারে। ম্যাচের দিন বাতাসের মান মাঝারি পর্যায়ে নেমে আসবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
তারপরও ফাইনালের আগে অস্বাস্থ্যকর বাতাসে স্পেনের অনুশীলন খেলোয়াড়দের শারীরিক অবস্থায় কোনো প্রভাব ফেলে কি না, সেটিই এখন বড় প্রশ্ন।
.png)






