ঐতিহাসিক অঙ্কে এবারও কি প্রথম ম্যাচ হারবে আর্জেন্টিনা?

চলছে ফিফা ২০২৬ বিশ্বকাপের ক্ষণগণনা। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় চলবে ৪৮ দলের ফুটবল যুদ্ধ। ৪৭ দলের লক্ষ্য ট্রফি জেতা। আর আর্জেন্টিনা একমাত্র দল, যাদের লক্ষ্য ট্রফি রক্ষা করা। অর্থাৎ নিজের সম্পদ নিজের কাছে রাখা। এই অভিযান কতটা সম্ভব, তা নিয়ে ফুটবল অঙ্গনে চলছে চুলচেরা বিশ্লেষণ।
তবে লিওনেল মেসিদের এবার একটা চ্যালেঞ্জ উতরে যেতে হবে। সেটি হলো, আর্জেন্টিনা বিশ্বকাপ জেতার পর পরের বিশ্বকাপে ওপেনিং ম্যাচ জিততে পারেনি।
১৯৭৮ সালে ঘরের মাঠে ফিফা বিশ্বকাপ আয়োজন করে আর্জেন্টিনা। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ফাইনালে ওঠে তারা। অন্যদিকে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে ওঠে নেদারল্যান্ডস। ২৫ জুনের সেই উত্তেজনাময় ম্যাচে মারিও কেম্পেসের অসাধারণ নৈপুণ্যে ৩-১ গোলে ডাচদের হারিয়ে প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা।
পরেরবার অর্থাৎ ১৯৮২ সালে ফিফার আসর বসে স্পেনে। ১৩ জুন গ্রুপ পর্বের প্রথম খেলায় বেলজিয়ামের কাছে ১-০ গোলে হেরে যায় ডিপেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচের ৬৪ মিনিটে বেলজিয়ামের ফরোয়ার্ড ভেনডেনবার্গ গোল করেন। ২১ বছর বয়সী তরুণ দিয়েগো ম্যারাডোনার ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ ছিল এটি। গ্রুপ পর্বে রানারআপ হলেও, গ্রুপ সি-তে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও তখন দুর্দান্ত ফর্মে থাকা ইতালির কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় আর্জেন্টিনা।
১৯৮৬ ফিফা বিশ্বকাপ আয়োজন করা হয় মেক্সিকোতে। দুনিয়া তখন ম্যারাডোনার বন্দনায় বুঁদ। সর্বকালের সেরা ম্যারাডোনার জন্যই যেন অবধারিত ছিল সে বিশ্বকাপ। ২ জুন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ শুরু। ২৯ জুন ফাইনালে পশ্চিম জার্মানিকে ৩-২ গোলে হারিয়ে দ্বিতীয় শিরোপা জেতে ম্যারাডোনার দল।
এরপর ১৯৯০ সালে ইতালিতে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়। ৮ জুন মিলানে সান সিরো স্টেডিয়ামে প্রথম ম্যাচে ক্যামেরুনের কাছে হেরে যায় আর্জেন্টিনা। ম্যাচের ২২ মিনিটে ক্যামেরুনের ফরোয়ার্ড ওমাম বাইক হেডে গোল করে দলকে জেতান। সেবার আর্জেন্টিনা ফাইনালে উঠলেও পশ্চিম জার্মানির কাছে ১-০ গোলে হেরে যান ম্যারাডোনারা।
২০২২, কাতার বিশ্বকাপ। মরুর বুকে ট্রফি উঁচিয়ে ধরেন সর্বকালের আরেক সেরা ম্যারাডোনার উত্তসূরি লিওনেল মেসি। যদিও সৌদি আরবে কাছে হার দিয়ে এ বিশ্বকাপ শুরু হলেও, আর্জেটিনা নিখুঁত খেলা খেলে ফাইনালে ওঠে। মাস্টারমাইন্ড কোচ স্কালোনির ট্যাকটিসে ফাইনালে ফান্সকে টাইব্রেকারে হারিয়ে তৃতীয় শিরোপা জেতেন মেসিরা।
এবার ২০২৬ বিশ্ব অনুষ্ঠিত হচ্ছে উত্তর আমেরিকার তিন দেশে। তাই ভক্তদের মনে প্রশ্ন জেগেছে, এবারও কি প্রথম ম্যাচে হারবে আলবিসেলেস্তেরা? ১৬ জুন কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে আলজেরিয়ার বিপক্ষে শুরু হচ্ছে আর্জেন্টিনার মিশন। অন্যদিকে সর্বশেষ দুই আসর মিস করা আলজেরিয়া এবার নিজেদের পঞ্চম বিশ্বকাপ খেলবে।
কিন্তু ফুটবল কি এতটাই অঙ্কের খেলা? বিশ্বসেরা কোচ স্কালোনির হাতে গড়া এই দলটা গত চার বছরে হয়েছে আরও শক্তিশালী, গেঁথেছে এক সুতোয়।
গতবার খেলা হুলিয়ান আলভারেজ, এনজো ফার্নান্দেজ, ম্যাক এলিস্টার, ক্রিশ্চিয়ান রোমেরোরা এখন আরও পরিণত। এবার যুক্ত হয়েছেন ভ্যালেন্তিন বার্কো, নিকোলাস পাজ, নিকোলাস গনসালেস, জুলিয়ানো সিমিওনে, হোসে ম্যানুয়েল লোপেজের মতো ঝকঝকে তারকারা। সঙ্গে আছেন ফুটবলের মহারাজা মেসি। বয়স বাড়লেও তিনি ও তার সতীর্থরা যখন আর্জেন্টিার জার্সি গাড়ে চড়ান, তখন প্রতিপক্ষের জন্য বিপদ হয়ে ওঠেন তারা।
ঐতিহাসিক সেই অঙ্ক কতটা সত্য হয়, এবার তা দেখার পালা।


