সুইজারল্যান্ডের বিশ্বকাপ দলে পুরোনো মুখের ছড়াছড়ি

বিশ্বকাপের দল ঘোষণায় বড় কোনো চমক রাখলেন না সুইজারল্যান্ড কোচ মুরাত ইয়াকিন। অভিজ্ঞতা ও ধারাবাহিকতাকে গুরুত্ব দিয়ে বুধবার ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন তিনি। দলে আছেন ২০২২ কাতার বিশ্বকাপের স্কোয়াডে থাকা ১৭ ফুটবলার।
২০২৪ ইউরোতে খেলা আরও তিনজনও জায়গা পেয়েছেন দলে। ফলে বড় টুর্নামেন্টের অভিজ্ঞতা নেই এমন খেলোয়াড়ের সংখ্যা খুব বেশি নয়। প্রথমবারের মতো বড় কোনো টুর্নামেন্টে যাচ্ছেন ব্যাকআপ গোলকিপার মারভিন কেলার এবং জার্মানিভিত্তিক পাঁচ ফুটবলার অরেল আমেন্ডা, সেদ্রিক ইত্তেন, লুকা জাকেজ, ইয়োহান মানজাম্বি ও মিরো মুহাইম।
অধিনায়ক গ্রানিত জাকা ও রিকার্ডো রদ্রিগেজের জন্য এটি হতে যাচ্ছে টানা চতুর্থ বিশ্বকাপ। সুইজারল্যান্ডের হয়ে সর্বোচ্চ ১৪৪ ম্যাচ খেলা জাকা দলের সবচেয়ে অভিজ্ঞ মুখ। রদ্রিগেজ খেলেছেন ১৩৬ ম্যাচ। আরও পাঁচ ফুটবলারের জন্য এটি হবে টানা তৃতীয় বিশ্বকাপ।
তবে দলে জায়গা না পাওয়া নিয়ে কিছুটা বিস্ময় আছে ইয়াং বয়েজের দুই আক্রমণভাগের খেলোয়াড় আলভিন সানচেস ও জোয়েল মন্তেইরোকে ঘিরে। মার্চে জার্মানি ও নরওয়ের বিপক্ষে প্রীতি ম্যাচের স্কোয়াডে ছিলেন দুজনই। তবে তাদের ক্লাব সতীর্থ ক্রিস্টিয়ান ফাসনাখট জায়গা পেয়েছেন। সুইস সুপার লিগে ১৮ গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন তিনি।
দলে আছেন সেদ্রিক ইত্তেনও, যদিও তার ক্লাব ফরচুনা ডুসেলডর্ফ রোববার জার্মানির দ্বিতীয় বিভাগ থেকে অবনমিত হয়েছে। লিগে ১৫ গোল করেছিলেন ইত্তেন। জায়গা পেয়েছেন বার্নলি ফরোয়ার্ড জেকি আমদুনিও। দীর্ঘদিনের হাঁটুর চোট কাটিয়ে চলতি মাসে ফিরেছেন তিনি, তবে প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত বদলি হিসেবে মাত্র তিনবার মাঠে নেমেছেন।
আমদুনিকে নিয়ে ইয়াকিন বলেছেন, ‘আমাদের চিকিৎকদের মতে সে শতভাগ ফিট। সে আমাদের সিস্টেম জানে, নিজের ভূমিকাও জানে। এ কারণেই আমি খুব খুশি যে সে দলে থাকতে পারছে।’
সুইজারল্যান্ড দল সোমবার একত্র হবে। ৩১ মে সেন্ট গ্যালেনে জর্ডানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে তারা। এরপর যুক্তরাষ্ট্রে উড়াল দেবে দলটি। ৬ জুন সান ডিয়েগোতে অস্ট্রেলিয়ার বিপক্ষে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবে সুইসরা।
বিশ্বকাপে ‘বি’ গ্রুপে সুইজারল্যান্ডের প্রথম ম্যাচ ১৩ জুন, সান্তা ক্লারায় কাতারের বিপক্ষে। এরপর তাদের প্রতিপক্ষ বসনিয়া ও সহ-আয়োজক কানাডা।
সুইজারল্যান্ডের বিশ্বকাপ দল
গোলকিপার: মারভিন কেলার, গ্রেগর কোবেল, ইভন এমভোগো।
ডিফেন্ডার: মানুয়েল আকাঞ্জি, অরেল আমেন্ডা, এরাই কোমের্ট, নিকো এলভেদি, লুকা জাকেজ, মিরো মুহাইম, রিকার্ডো রদ্রিগেজ, সিলভান উইডমার।
মিডফিল্ডার: মিশেল এবিশার, ক্রিস্টিয়ান ফাসনাখট, রেমো ফ্রয়লার, আরডন ইয়াশারি, ইয়োহান মানজাম্বি, ফাবিয়ান রিডার, জিব্রিল সো, রুবেন ভারগাস, গ্রানিত জাকা, দেনিস জাকারিয়া।
ফরোয়ার্ড: জেকি আমদুনি, ব্রিল এমবোলো, সেদ্রিক ইত্তেন, ড্যান এনদয়, নোয়া ওকাফর।
