সুইজারল্যান্ডের বিপক্ষে যে একাদশ নিয়ে নামছে আর্জেন্টিনা

এশিয়া পোস্ট স্পোর্টস
সুইজারল্যান্ডের বিপক্ষে যে একাদশ নিয়ে নামছে আর্জেন্টিনা
আর্জেন্টিনা ফুটবল দল। ছবি: সংগৃহীত

সেমিফাইনালে ইংল্যান্ডের প্রতিপক্ষ হওয়ার লড়াইয়ে সুইজারল্যান্ডের বিপক্ষে অপরিবর্তিত একাদশ নিয়ে নামছে আর্জেন্টিনা। মিশরের বিপক্ষে নাটকীয় জয়ে খেলা দলটির ওপরই আস্থা রেখেছেন লিওনেল স্কালোনি। আক্রমণে লিওনেল মেসির সঙ্গী হুলিয়ান আলভারেজ। বেঞ্চে থাকতে হচ্ছে লাউতারো মার্তিনেজকে।

কানসাস সিটি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে বিশ্বকাপের শেষ কোয়ার্টার ফাইনাল। এই ম্যাচের জয়ী দল সেমিফাইনালে মুখোমুখি হবে নরওয়েকে ২-১ গোলে হারানো ইংল্যান্ডের।

আর্জেন্টিনার গোলপোস্টে যথারীতি থাকছেন এমিলিয়ানো মার্তিনেজ। রক্ষণের ডান পাশে নাহুয়েল মলিনা ও বাঁ পাশে নিকোলাস তালিয়াফিকো। মাঝখানে জুটি গড়বেন ক্রিস্তিয়ান রোমেরো ও লিসান্দ্রো মার্তিনেজ।

মাঝমাঠে লিয়ান্দ্রো পারেদেসের সঙ্গে আছেন রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। সামনে আট গোল নিয়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার লড়াইয়ে থাকা মেসির সঙ্গে খেলবেন আলভারেজ।

শেষ ষোলোয় মিশরের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়েও ৩-২ ব্যবধানে জিতেছিল আর্জেন্টিনা। সেই ম্যাচে গোল করেছিলেন রোমেরো, মেসি ও এনজো। কঠিন পরীক্ষায় উত্তীর্ণ সেই একাদশে তাই কোনো পরিবর্তন আনেননি স্কালোনি।

আর্জেন্টিনা একাদশ: এমিলিয়ানো মার্তিনেজ; নাহুয়েল মলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তালিয়াফিকো; রদ্রিগো দি পল, লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার; লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।