বিশ্বকাপ শুরুর আগে আর্জেন্টিনা শিবিরে বড় ধাক্কা

বিশ্বকাপ শুরুর ঠিক আগমুহূর্তে বড় ধাক্কা খেল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ডান পায়ের মাংসপেশির (সোলিয়াস পেশি) চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন ডিফেন্ডার লিওনার্দো বালেরদি। শনিবার (৬ জুন) আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।
ফরাসি ক্লাব অলিম্পিক মার্সেইয়ের হয়ে ক্লাব মৌসুমে ৩৬টি ম্যাচ খেলে দারুণ ধারাবাহিকতা দেখিয়েছিলেন ২৭ বছর বয়সী এই সেন্টার ব্যাক। সেই পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই কোচ লিওনেল স্কালোনির ঘোষিত ২৬ সদস্যের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নিয়েছিলেন তিনি। কিন্তু বিশ্বকাপের স্বপ্ন ছোঁয়ার ঠিক আগমুহূর্তে চোটের কারণে ছিটকে যেতে হলো তাঁকে। এক বিবৃতিতে এএফএ বালেরদির দ্রুত আরোগ্য কামনা করেছে।

বালেরদির ছিটকে যাওয়া আর্জেন্টিনার রক্ষণভাগের গভীরতায় বড় এক আঘাত। ৪৮ দলের এবারের দীর্ঘ ও ক্লান্তিহীন বিশ্বকাপে কন্ডিশন, ভ্রমণ আর ম্যাচের চাপের কারণে প্রতিটি পজিশনে বিকল্প খেলোয়াড় থাকা জরুরি। আর্জেন্টিনার জার্সিতে এখন পর্যন্ত ১১টি ম্যাচ খেলা বালেরদি নিয়মিত একাদশের নিশ্চিত মুখ না হলেও, রক্ষণভাগে ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি কিংবা লিসান্দ্রো মার্তিনেজদের যোগ্য বিকল্প ও ব্যাকআপ হিসেবে স্কালোনির কৌশলের অন্যতম অংশ ছিলেন।
এখন বড় প্রশ্ন—বালেরদির বিকল্প হিসেবে স্কালোনি কাকে দলে ডাকবেন। আর্জেন্টিনা দল এখনো তাঁর বদলি খেলোয়াড়ের নাম ঘোষণা করেনি। তবে শেষ মুহূর্তের প্রস্তুতিতে থাকা আলবিসেলেস্তেদের কোচিং স্টাফকে খুব দ্রুতই এই সিদ্ধান্ত নিতে হবে।
শনিবারই হন্ডুরাসের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে আর্জেন্টিনার। বিশ্বকাপের আগে দলের ফিটনেস ও কৌশল পরখ করার এই ম্যাচটির দিনই বালেরদির চোটের খবর আর্জেন্টিনা শিবিরে নিশ্চিতভাবেই অস্বস্তি বাড়াল। এর আগে অধিনায়ক লিওনেল মেসির হ্যামস্ট্রিংয়ের অস্বস্তি নিয়ে সতর্কতা ছিল। মেসি ধীরে ধীরে অনুশীলনে ফিরলেও বালেরদির ছিটকে যাওয়া স্কালোনির জন্য নতুন দুশ্চিন্তা।
আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে আর্জেন্টিনা। ‘জে’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান। বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে প্রতিটি দলই আর্জেন্টিনার বিপক্ষে বাড়তি অনুপ্রেরণা নিয়ে নামবে, তাই বালেরদির বিদায়ের পর রক্ষণভাগের ভারসাম্য দ্রুত পুনরুদ্ধার করাই এখন স্কালোনির প্রধান চ্যালেঞ্জ।
.png)


