logo

আফিফ-আলমোয়েজদের নিয়ে কাতারের বিশ্বকাপ দল ঘোষণা

আফিফ-আলমোয়েজদের নিয়ে কাতারের বিশ্বকাপ দল ঘোষণা
কাতার কোচ হুলেন লোপেতেগি। ছবি: সংগৃহীত

দুইবারের এশিয়ান বর্ষসেরা ফুটবলার আকরাম আফিফ ও দেশের সর্বোচ্চ গোলদাতা আলমোয়েজ আলীকে সামনে রেখে বিশ্বকাপের ২৬ সদস্যের দল ঘোষণা করেছে কাতার। সোমবার দল ঘোষণা করেন কাতারের স্প্যানিশ কোচ হুলেন লোপেতেগি।

২০২২ বিশ্বকাপে স্বাগতিক দেশ হিসেবে খেলেছিল কাতার। তবে ঘরের মাঠের সেই আসর তাদের জন্য হতাশার ছিল। তিন ম্যাচের তিনটিতেই হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় তারা। বিশ্বকাপ ইতিহাসে প্রথম স্বাগতিক দেশ হিসেবে গ্রুপ পর্বের সব ম্যাচ হারের বিব্রতকর রেকর্ডও গড়েছিল কাতার।

এরপর অবশ্য ঘুরে দাঁড়ায় উপসাগরীয় দেশটি। ২০২৩ সালে এশিয়ান কাপের শিরোপা ধরে রাখে তারা। এবার প্রথমবারের মতো বাছাইপর্ব পেরিয়ে নিজেদের যোগ্যতায় বিশ্বকাপে খেলতে যাচ্ছে কাতার। উত্তর আমেরিকার বিশ্বকাপ তাই তাদের জন্য ২০২২ সালের ব্যর্থতা পেছনে ফেলার বড় সুযোগ।

লোপেতেগির দলে ২০২২ বিশ্বকাপ খেলা বেশ কয়েকজন পরিচিত মুখ আছেন। গোলরক্ষক মেশাল বারশাম, ডিফেন্ডার পেদ্রো মিগুয়েল, মিডফিল্ডার আসিম মাদিবো, আবদুলআজিজ হাতেম ও করিম বুদিয়াফকে রাখা হয়েছে স্কোয়াডে। দলে আছেন অভিজ্ঞ হাসান আল-হাইদোসও।

কাতারের ফুটবল কাঠামোয় অ্যাসপায়ার একাডেমির বড় ভূমিকা আছে। বর্তমান দলেও সেই ধারাবাহিকতার ছাপ স্পষ্ট। দীর্ঘদিন ধরে একসঙ্গে খেলা ফুটবলারদের ওপরই ভরসা রেখেছেন লোপেতেগি। তবে ঘরোয়া লিগনির্ভর এই দল বিশ্বকাপের বড় মঞ্চে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে কতটা টিকতে পারবে, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে।

বিশ্বকাপের আগে কাতারের প্রস্তুতি খুব মসৃণ হয়নি। ডিসেম্বরে আরব কাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল তাদের। মার্চে সার্বিয়া ও বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ হওয়ার কথা থাকলেও তা বাতিল হয়ে যায়। ফলে বড় দলের বিপক্ষে নিজেদের যাচাইয়ের সুযোগ হারায় কাতার।

তবে টানা দুটি এশিয়ান কাপ জয়ের সাফল্য কাতারকে আত্মবিশ্বাস দিচ্ছে। তুলনামূলক ভারসাম্যপূর্ণ গ্রুপ পাওয়ায় বিশ্বকাপে এবার তাদের কাছ থেকে ভালো কিছুর প্রত্যাশাও বেড়েছে।

গ্রুপ পর্বে কাতারের প্রথম ম্যাচ ১৩ জুন, সান্তা ক্লারায় সুইজারল্যান্ডের বিপক্ষে। এরপর ১৮ জুন ভ্যাঙ্কুভারে সহ-আয়োজক কানাডার মুখোমুখি হবে তারা। ২৪ জুন সিয়াটলে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে কাতার।

কাতারের বিশ্বকাপ দল

গোলরক্ষক: সালাহ জাকারিয়া, মাহমুদ আবুনাদা, মেশাল বারশাম।

ডিফেন্ডার: হাশমি হুসেইন, আয়ুব আলাউই, বুয়ালেম খুখি, পেদ্রো মিগুয়েল, ইসা লায়ে, লুকাস মেন্দেস, সুলতান আল-ব্রেক, হোমাম আল-আমিন।

মিডফিল্ডার: মোহাম্মদ আল-মানাই, জাসেম জাবের, করিম বুদিয়াফ, আহমেদ ফাথি, আবদুলআজিজ হাতেম, আসিম মাদিবো।

ফরোয়ার্ড: তাহসিন মোহাম্মদ, এডমিলসন জুনিয়র, আলমোয়েজ আলী, আকরাম আফিফ, মোহাম্মদ মুনতারি, ইউসেফ আবদুলরাজ্জাক, আহমেদ আলা, হাসান আল-হাইদোস, আহমেদ আল-জানাহি।