কেমন হতে পারে স্পেন-ফ্রান্সের সেমিফাইনাল একাদশ?

বিশ্বকাপের প্রথম ফাইনালিস্ট নির্ধারণের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে স্পেন ও ফ্রান্স। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে স্পেনের একাদশে সবচেয়ে বড় প্রশ্ন পেদ্রি ও ফাবিয়ান রুইসকে ঘিরে। অন্যদিকে ফ্রান্সের মাঝমাঠে ফিরতে যাচ্ছেন অরেলিয়েন চুয়ামেনি।
বেলজিয়ামের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের শুরুর একাদশে পেদ্রিকে রাখেননি স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। তার জায়গায় সুযোগ পেয়ে দলের প্রথম গোলটি করেন ফাবিয়ান। শেষ পর্যন্ত মিকেল মেরিনোর শেষ মুহূর্তের গোলে ২-১ ব্যবধানে জিতে সেমিফাইনালে ওঠে স্পেন।
ফাবিয়ানের ওই পারফরম্যান্সের পর তাকে বাদ দেওয়া কঠিন হয়ে পড়েছে দে লা ফুয়েন্তের জন্য। তবে বলের নিয়ন্ত্রণ ধরে রাখা এবং ফ্রান্সের চাপ সামলাতে পেদ্রির দক্ষতাও প্রয়োজন হতে পারে। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে স্পেন কোচ জানিয়েছেন, দুই মিডফিল্ডারের গুণাবলি আলাদা এবং প্রয়োজনে দুজনকে একসঙ্গেও খেলানো সম্ভব।
প্রকাশিত সম্ভাব্য একাদশগুলোতে অবশ্য পেদ্রির চেয়ে ফাবিয়ানকেই এগিয়ে রাখা হচ্ছে। রদ্রি ও দানি ওলমোর সঙ্গে মাঝমাঠে থাকতে পারেন তিনি। আক্রমণে লামিনে ইয়ামাল ও আলেক্স বায়েনার সঙ্গে মিকেল ওইয়ারসাবালের খেলার সম্ভাবনা বেশি।
ফ্রান্সের একাদশে পরিবর্তন আসতে পারে মাঝমাঠে। চোটের কারণে শেষ দুটি ম্যাচে খেলতে পারেননি চুয়ামেনি। তবে সেমিফাইনালের জন্য তাঁকে পাওয়া যাবে বলে নিশ্চিত করেছেন দিদিয়ের দেশম। ফরাসি সংবাদমাধ্যমের খবর, মানু কোনের জায়গায় সরাসরি শুরুর একাদশে ফিরতে পারেন রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার।
চুয়ামেনির সঙ্গে মাঝমাঠে থাকার কথা আদ্রিয়েন রাবিওর। আক্রমণে উসমান দেম্বেলে, মাইকেল অলিসে, দেজিরে দুয়ে ও কিলিয়ান এমবাপ্পের ওপরই আস্থা রাখতে পারেন দেশম।
স্পেনের সম্ভাব্য একাদশ: উনাই সিমোন; পেদ্রো পোরো, পাউ কুবারসি, আয়মেরিক লাপোর্ত, মার্ক কুকুরেইয়া; রদ্রি, ফাবিয়ান রুইস, দানি ওলমো; লামিনে ইয়ামাল, মিকেল ওইয়ারসাবাল, আলেক্স বায়েনা।
ফ্রান্সের সম্ভাব্য একাদশ: মাইক মেনিয়ঁ; জুল কুন্দে, দায়োত উপামেকানো, উইলিয়াম সালিবা, লুকাস দিনিয়ে; অরেলিয়েন চুয়ামেনি, আদ্রিয়েন রাবিও; উসমান দেম্বেলে, মাইকেল অলিসে, দেজিরে দুয়ে; কিলিয়ান এমবাপ্পে।
বাংলাদেশ সময় বুধবার রাত একটায় ডালাস স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। মাঠে নামার প্রায় এক ঘণ্টা আগে দুই দলের নিশ্চিত একাদশ ঘোষণা করা হবে




