logo
Advertisement

ইংল্যান্ডের বিপক্ষে সেমির শহরে পৌঁছাল আর্জেন্টিনা

ইংল্যান্ডের বিপক্ষে সেমির শহরে পৌঁছাল আর্জেন্টিনা
আর্জেন্টিনা ফুটবল দল। ছবি: গেটি ইমেজ

ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ সেমিফাইনালের আগে আটলান্টায় পৌঁছেছে আর্জেন্টিনা দল। স্থানীয় সময় সোমবার রাত সোয়া ১০টার দিকে লিওনেল মেসিদের বহনকারী উড়োজাহাজটি সেখানে অবতরণ করে।

কোয়ার্টার ফাইনালের শহর কানসাস সিটি থেকে আটলান্টায় গেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। কানসাস সিটিতে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছিল লিওনেল স্কালোনির দল।

আটলান্টায় এবারের বিশ্বকাপের মোট আটটি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল দিয়েই শহরটির বিশ্বকাপ আয়োজন শেষ হবে। এই টুর্নামেন্টে দ্বিতীয়বার আটলান্টায় খেলবে আর্জেন্টিনা। এর আগে, সেখানে শেষ ষোলোর ম্যাচে মিশরকে হারিয়েছিল তারা।

দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নের লড়াই ঘিরে টিকিটের চাহিদাও অনেক। প্রতিবেদন প্রকাশের সময় ফিফার পুনর্বিক্রয় প্ল্যাটফর্মে সবচেয়ে কম দামের টিকিট ছিল ২ হাজার ৩০০ ডলার। স্টাবহাবে ওপরের স্তরের আসনের টিকিট পাওয়া যাচ্ছিল প্রায় ২ হাজার ৮০০ ডলারে। মাঠের মাঝামাঝি অংশের নিচের স্তরের কয়েকটি আসনের দাম ১৬ হাজার ডলার ছাড়িয়েছিল।

আটলান্টা স্টেডিয়ামে স্থানীয় সময় বুধবার বিকেল তিনটায় শুরু হবে ম্যাচটি। বাংলাদেশ সময় আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল শুরু হবে বৃহস্পতিবার রাত একটায়।