logo

যুক্তরাষ্ট্রে নেমেই বিপাকে ইরাক, বিমানবন্দরে স্ট্রাইকারকে ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ

যুক্তরাষ্ট্রে নেমেই বিপাকে ইরাক, বিমানবন্দরে স্ট্রাইকারকে ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ
আয়মান হুসেইন। ছবি: সংগৃহীত

৪০ বছর পর বিশ্বকাপে ফিরছে ইরাক। কিন্তু ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে ফেরার আনন্দের মাঝেই যুক্তরাষ্ট্রে পৌঁছে অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়েছে দলটি। ইরাকের বিশ্বকাপ দলের অন্যতম প্রধান স্ট্রাইকার আয়মান হুসেইনকে শিকাগোর ও'হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সাত ঘণ্টা আটকে রেখে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে দাবি করেছেন ইরাকের এক ক্রীড়া কর্মকর্তা।

রয়টার্সকে ওই কর্মকর্তা জানান, শনিবার (৬ জুন) ভোরে দলের সঙ্গে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর হুসেইনকে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাকে দেশে প্রবেশের অনুমতি দেওয়া হলেও ইরাক দলের অফিশিয়াল ফটোগ্রাফার তালাল সালাহকে প্রবেশাধিকার দেওয়া হয়নি। ১০ ঘণ্টারও বেশি সময় আটকে রাখার পর সালাহকে নিজ দেশে ফেরত পাঠানো হয়। বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ চলাকালীন হুসেইন ও তালাল সালাহ—উভয়েরই মুঠোফোন পরীক্ষা করা হয় বলে জানিয়েছেন জাতীয় দলের ঘনিষ্ঠ ওই কর্মকর্তা।

ঘটনাটি নিয়ে ইরাক ফুটবল অ্যাসোসিয়েশন (আইএফএ) বা আয়মান হুসেইনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে, মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট এবং হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টও এই অভিযোগের বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি।

বিশ্বকাপ শুরুর এক সপ্তাহেরও কম সময় আগে এমন ঘটনা ইরাক দলের প্রস্তুতিতে অস্বস্তি তৈরি করেছে। যদিও বিমানবন্দরে দলের জন্য সমর্থকদের ভালোবাসার কমতি ছিল না। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ভোরের দিকেও সমর্থকেরা ইরাক দলকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন। তাঁদের হাতে ছিল জাতীয় পতাকা এবং খেলোয়াড়দের সঙ্গে ছবি তোলার বিপুল আগ্রহ।

৩০ বছর বয়সী আয়মান হুসেইন ইরাক দলের আক্রমণভাগের অন্যতম মূল ভরসা। বিশ্বকাপ বাছাইপর্বে গুরুত্বপূর্ণ গোল করে ইরাককে মূল পর্বে তুলতে বড় ভূমিকা রাখেন তিনি। ১৯৮৬ সালের পর এই প্রথম বিশ্বকাপে জায়গা করে নেওয়া ইরাকের ফরোয়ার্ড লাইনে হুসেইনের সঙ্গী হিসেবে আছেন ইপসউইচ টাউনের আলী আল-হামাদি, তরুণ প্রতিভা আলী জাসিম ও ইউসুফ আমিন। ফলে মাঠের লড়াই শুরুর আগে এই আক্রমণভাগ নিয়েই সবচেয়ে বেশি আশাবাদী ছিল মধ্যপ্রাচ্যের দেশটি।

তবে মাঠে নামার আগেই এই বিমানবন্দর জটিলতা দলটির মনস্তাত্ত্বিক প্রস্তুতিতে বড় ধাক্কা দিল। এবারের ২০২৬ বিশ্বকাপে ইরাক পড়েছে ‘আই’ গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ ফ্রান্স, সেনেগাল ও নরওয়ে। আগামী বৃহস্পতিবার থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে চার দশকের অপেক্ষার পর ফিরছে ইরাক। তবে সেই ঐতিহাসিক প্রত্যাবর্তনের শুরুতেই মাঠের বাইরের এই অনাকাঙ্ক্ষিত বিতর্ক দলটির ক্যাম্পে নতুন চাপ তৈরি করল।