টাইব্রেকারে জিতল সুইজারল্যান্ড, ৭২ বছর পর কোয়ার্টার ফাইনালে

এশিয়া পোস্ট ডেস্ক
টাইব্রেকারে জিতল সুইজারল্যান্ড, ৭২ বছর পর কোয়ার্টার ফাইনালে
ছবি: সংগৃহীত

নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা গোলশূন্য থাকার পর টাইব্রেকারে কলম্বিয়াকে ৪-৩ ব্যবধানে হারিয়েছে সুইজারল্যান্ড। শেষ ষোলোর স্নায়ুক্ষয়ী ম্যাচে দক্ষিণ আমেরিকার দেশটিকে হারিয়েছে দীর্ঘ ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পা রাখল সুইসরা।

২০১৪ সাল থেকে টানা তিনটি বিশ্বকাপে শেষ ষোলোতে উঠেও বিদায় নিতে হয়েছিল সুইজারল্যান্ডকে। এবার তারা সেই গেরো কাটাল। ১৯৫৪ সালের পর প্রথমবার কোয়ার্টার ফাইনালে ইউরোপের এই দেশটি।

ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে অনুষ্ঠিত এদিন শেষ ষোলোর অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটি নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষেও ০-০ গোলে অমীমাংসিত থাকে। দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণ সত্ত্বেও কোনো দলই গোল করতে পারেনি। শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় পেনাল্টিতে। টাইব্রেকারে সুইস গোলরক্ষক গ্রেগর কোবেল দুর্দান্ত এক সেভ করে দলের নায়ক বনে যান এবং রুবেন ভার্গাস শেষ শটে গোল নিশ্চিত করলে ৪-৩ ব্যবধানে নাটকীয় জয় পায় সুইজারল্যান্ড।

সেমিফাইনালে ওঠার মহাসংগ্রামের এই মহাদ্বৈরথে আগামী রোববার (১২ জুলাই) শক্তিশালী আর্জেন্টিনার মুখোমুখি হবে সুইজারল্যান্ড।