ভাগ্য আমাদের পাশে ছিল, স্বীকার করলেন স্কালোনি

সুইজারল্যান্ডের বিপক্ষে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট নন লিওনেল স্কালোনি। প্রতিপক্ষের একজন খেলোয়াড় লাল কার্ড দেখায় ভাগ্য আর্জেন্টিনার পাশে ছিল বলেও স্বীকার করেছেন বিশ্বকাপজয়ী কোচ।
কানসাস সিটিতে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে অতিরিক্ত সময়ে ৩-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। স্কোরলাইন বড় হলেও ম্যাচটি সহজ ছিল না বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের জন্য।
ম্যাচের পর স্কালোনি বলেন, তাদের অনেক ভুগতে হয়েছে। সুইজারল্যান্ড শারীরিকভাবে শক্তিশালী দল এবং সেটিই আর্জেন্টিনাকে সমস্যায় ফেলেছিল।
এরপর প্রতিপক্ষের লাল কার্ড প্রসঙ্গে আর্জেন্টিনা কোচ বলেন, আজ ভাগ্য তাদের পাশে ছিল, কারণ সুইজারল্যান্ডের একজন খেলোয়াড়কে মাঠ ছাড়তে হয়েছে। আর্জেন্টিনা আরও ভালো খেলতে পারত। তারপরও বিশ্বকাপের সেরা চার দলের একটি হতে পারা বড় অর্জন।
দশম মিনিটে লিওনেল মেসির কর্নার থেকে হেডে আর্জেন্টিনাকে এগিয়ে দিয়েছিলেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় সুইজারল্যান্ড। ৬৭ মিনিটে দান এনদোয়ের গোলে সমতায়ও ফেরে ইউরোপের দলটি।
পাঁচ মিনিট পর ম্যাচের সবচেয়ে আলোচিত ঘটনাটি ঘটে। ব্রিল এমবোলোর সঙ্গে সংঘর্ষের পর প্রথমে আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে হলুদ কার্ড দেখানো হয়েছিল। ভিডিও সহকারী রেফারির পরামর্শে রিপ্লে দেখে সেই কার্ড প্রত্যাহার করেন রেফারি জোয়াও পিনেইরো। উল্টো পড়ে যাওয়ার অভিনয়ের অভিযোগে এমবোলোকে দ্বিতীয় হলুদ কার্ড দেখান তিনি।
দশজন নিয়েও নির্ধারিত সময় পর্যন্ত আর্জেন্টিনাকে আটকে রেখেছিল সুইজারল্যান্ড। অতিরিক্ত সময়ের ১১২ মিনিটে হুলিয়ান আলভারেজের দুর্দান্ত গোলে আবার এগিয়ে যায় আর্জেন্টিনা। যোগ করা সময়ে লাউতারো মার্তিনেস তৃতীয় গোল করেন।
সেমিফাইনালের প্রতিপক্ষ ইংল্যান্ডের প্রশংসাও করেছেন স্কালোনি। তার মতে, ইংল্যান্ড খুব ভালো ফুটবল খেলে এবং তাদের কোচ টমাস টুখেলও দারুণ মানের।
বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত ১টায়, অর্থাৎ ১৬ জুলাইয়ের শুরুতে আটলান্টা স্টেডিয়ামে ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড।





