logo
Advertisement

কুনহা-ভিনির দাপটে প্রথমার্ধেই ব্রাজিলের ৩ গোল

এশিয়া পোস্ট স্পোর্টস
কুনহা-ভিনির দাপটে প্রথমার্ধেই ব্রাজিলের ৩ গোল
ছবি: সংগৃহীত

মরক্কোর বিপক্ষে হতাশাজনক ড্রয়ের পর হাইতির বিপক্ষে প্রথমার্ধেই জয়ের পথ অনেকটা তৈরি করে ফেলেছে ব্রাজিল। ফিলাডেলফিয়ায় গ্রুপ ‘সি’র ম্যাচে বিরতিতে ৩-০ গোলে এগিয়ে কার্লো আনচেলত্তির দল। মাতেউস কুনহার জোড়া গোলের সঙ্গে যোগ হয়েছে ভিনিসিয়ুস জুনিয়রের গোল।

Advertisement

প্রথমার্ধের শুরুতে হাইতির রক্ষণ ব্রাজিলকে কিছুটা আটকে রাখলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আক্রমণে শুরু থেকেই সক্রিয় ছিলেন ভিনিসিয়ুস। তার গতি, ড্রিবলিং ও বক্সে ঢুকে পড়ার ক্ষমতায় বারবার চাপে পড়ে হাইতির রক্ষণ।

ব্রাজিলের প্রথম গোল আসে ২৩ মিনিটে। বাম দিক থেকে ভেতরে ঢুকে শট নেন ভিনিসিয়ুস। হাইতি গোলরক্ষক জনি প্লাসিদ সেটি ঠেকিয়ে দিলেও বল বিপজ্জনক জায়গায় পড়ে। সেখানে দেলক্রোয়া ও কুনহা দুজনেই পা বাড়ান। শেষ পর্যন্ত বল জালে জড়ায় এবং গোলটি যায় কুনহার নামে।

এরপর দ্বিতীয় গোলেও সামনে আসেন কুনহা। এবার গোলটি ছিল নিখুঁত ফিনিশিংয়ের। হাইতির জোসুয়ে কাসিমিরের কাছ থেকে বল কেড়ে নেন লুকাস পাকেতা। সেখান থেকে ভিনিসিয়ুস দারুণ পাসে খুঁজে নেন কুনহাকে। বাঁ পায়ের জোরালো শটে বল জালে পাঠিয়ে নিজের দ্বিতীয় গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

প্রথমার্ধের শেষ দিকে চোট পেয়ে মাঠ ছাড়েন রাফিনিয়া। তার জায়গায় নামেন তরুণ রায়ান। রাফিনিয়ার চোট ব্রাজিলের জন্য উদ্বেগের হলেও মাঠের খেলায় তখনও দাপট ধরে রাখে সেলেসাওরা।

যোগ করা সময়ে তৃতীয় গোল পায় ব্রাজিল। দ্রুত আক্রমণে আবারও হাইতির রক্ষণকে পেছনে ফেলে ব্রাজিল। পাকেতার পাস থেকে এবার নিজেই গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র। ঠান্ডা মাথার ফিনিশিংয়ে গোলের সঙ্গে নিজের দারুণ প্রথমার্ধ পূর্ণ করেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড।

প্রথমার্ধে ভিনিসিয়ুস ছিলেন ব্রাজিলের সবচেয়ে প্রভাবশালী খেলোয়াড়। প্রথম গোলের আক্রমণে তার শট থেকেই পরিস্থিতি তৈরি হয়, দ্বিতীয় গোলে তার পাসে গোল করেন কুনহা, আর তৃতীয় গোলটি করেন নিজেই। কুনহার জোড়া গোলের সঙ্গে ভিনির এই পারফরম্যান্স ব্রাজিলকে বিরতির আগেই বড় লিড এনে দিয়েছে।

এই ফল শেষ পর্যন্ত থাকলে গ্রুপ ‘সি’-তে ব্রাজিলের পয়েন্ট হবে ৪। মরক্কোর পয়েন্টও ৪, স্কটল্যান্ডের ৩ এবং হাইতি থাকবে শূন্য পয়েন্টে। গোল ব্যবধানে তখন গ্রুপের শীর্ষেও উঠতে পারে ব্রাজিল।