দুঃসংবাদ দিল ব্রাজিল

এশিয়া পোস্ট স্পোর্টস
দুঃসংবাদ দিল ব্রাজিল
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের গ্রুপপর্বের শেষ ম্যাচের আগে বড় ধাক্কা খেল ব্রাজিল। চোটের কারণে স্কটল্যান্ডের বিপক্ষে খেলতে পারবেন না দলের তারকা উইঙ্গার রাফিনিয়া। তবে তাকে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

Advertisement

হাইতির বিপক্ষে ৩-০ গোলের জয়ের ম্যাচে প্রথমার্ধেই ডান ঊরুর পেছনে ব্যথা অনুভব করে মাঠ ছাড়েন রাফিনিয়া। তার মাঠ ছাড়ার দৃশ্য দেখে সমর্থকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। পরে চিকিৎসা পরীক্ষায় তার ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়ে।

সিবিএফ এক বিবৃতিতে জানিয়েছে, শনিবারের পরীক্ষায় রাফিনিয়ার ডান ঊরুর পেছনের অংশের পেশিতে আঘাত শনাক্ত হয়েছে। বর্তমানে তিনি জাতীয় দলের চিকিৎসক দলের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসা ও পুনর্বাসন কর্মসূচির মধ্যে রয়েছেন।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আগামী বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোরে স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচে তিনি খেলতে পারবেন না। তবে টুর্নামেন্ট চলাকালেই তাকে সুস্থ করে ফেরানোর ব্যাপারে আশাবাদী সিবিএফ।

সংস্থাটি জানিয়েছে, রাফিনিয়াকে দ্রুত সুস্থ করে মাঠে ফেরানোই এখন প্রধান লক্ষ্য। যদিও তিনি কবে ফিরতে পারবেন, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানানো হয়নি।

বিশ্বকাপের নিয়ম অনুযায়ী, চূড়ান্ত স্কোয়াড নিবন্ধনের পর কোনো খেলোয়াড়কে বাদ দিলে তার পরিবর্তে নতুন কাউকে দলে নেওয়া যায় না। ফলে রাফিনিয়াকে স্কোয়াডে রেখেই নকআউট পর্বের জন্য প্রস্তুত করার পরিকল্পনা করছে ব্রাজিল।

এদিকে ব্রাজিল শিবিরে একটি সুখবরও রয়েছে। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা নেইমার স্কটল্যান্ড ম্যাচের আগেই পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেন বলে আশা করা হচ্ছে। তিনি মাঠে নামতে পারলে ২০২৩ সালের অক্টোবরের পর প্রথমবারের মতো ব্রাজিলের জার্সিতে খেলবেন।

গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষে ব্রাজিলের জয়ে জোড়া গোল করেন মাতেউস কুনিয়া। অপর গোলটি করেন ভিনিসিউস জুনিয়র। এই জয়ে গ্রুপের শীর্ষে উঠে এসেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

এখন স্কটল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে জয় বা ড্র করলেই নকআউট পর্বে জায়গা নিশ্চিত করার সুযোগ থাকবে তাদের সামনে। আর ব্রাজিল সমর্থকদের আশা, শেষ ষোলো থেকেই আবার মাঠে দেখা যাবে রাফিনিয়াকে।