স্পেন-ফ্রান্স সেমিফাইনাল কখন, কোথায় ও যেসব তথ্য জানা দরকার

বিশ্বকাপের প্রথম ফাইনালিস্ট নির্ধারণের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে স্পেন ও ফ্রান্স। সাম্প্রতিক দুই প্রতিযোগিতায় ফ্রান্সকে হারানো স্পেন এবারও জয়ের ধারা ধরে রাখতে চায়। অন্যদিকে টানা তৃতীয় বিশ্বকাপের ফাইনালে ওঠার সুযোগ ফরাসিদের সামনে।
ম্যাচ কখন
বাংলাদেশ সময় বুধবার, ১৫ জুলাই রাত একটায় শুরু হবে স্পেন-ফ্রান্স সেমিফাইনাল। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার বিকেল তিনটা ইস্টার্ন টাইম এবং টেক্সাসে দুপুর দুইটায় মাঠে গড়াবে ম্যাচটি।
খেলা কোথায়
ম্যাচটি হবে টেক্সাসের আর্লিংটনে অবস্থিত এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে। বিশ্বকাপ চলাকালে পৃষ্ঠপোষকতার নিয়মের কারণে ভেন্যুটিকে ‘ডালাস স্টেডিয়াম’ নামে উল্লেখ করছে ফিফা। এই মাঠেই শেষ ষোলোয় পর্তুগালকে ১-০ গোলে হারিয়েছিল স্পেন।
রেফারি কে
ম্যাচটি পরিচালনা করবেন এল সালভাদরের রেফারি ইভান বার্টন। তার সহকারী হিসেবে থাকবেন এল সালভাদরের ডেভিড মোরান ও নিকারাগুয়ার আন্তোনিও পুপিরো। চতুর্থ রেফারির দায়িত্ব পেয়েছেন সুইডেনের গ্লেন নাইবার্গ।
সেমিফাইনালে যেভাবে দুই দল
কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়েছে স্পেন। ফাবিয়ান রুইসের গোলে এগিয়ে যাওয়ার পর সমতা ফিরিয়েছিল বেলজিয়াম। শেষ দিকে মিকেল মেরিনোর গোলে জয় নিশ্চিত করে লুইস দে লা ফুয়েন্তের দল।
ফ্রান্স শেষ আটে মরক্কোকে ২-০ গোলে হারায়। কিলিয়ান এমবাপ্পে ও উসমান দেম্বেলে গোল করেন। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত ১৬ গোল করা ফ্রান্স হজম করেছে মাত্র দুটি। বিপরীতে প্রথম ম্যাচে গোলশূন্য ড্রয়ের পর স্পেনের গোলের হিসাব ১১-১।
দুই দলের কেউই এবারের টুর্নামেন্টে কোনো সময় পিছিয়ে পড়েনি।
মুখোমুখি পরিসংখ্যান
বিশ্বকাপে এর আগে মাত্র একবার খেলেছে স্পেন ও ফ্রান্স। ২০০৬ সালের শেষ ষোলোয় স্পেনকে ৩-১ গোলে হারিয়েছিল জিনেদিন জিদানের ফ্রান্স।
তবে সাম্প্রতিক দুটি গুরুত্বপূর্ণ ম্যাচেই জয় স্পেনের। ইউরো ২০২৪-এর সেমিফাইনালে ২-১ এবং ২০২৫ নেশনস লিগের সেমিফাইনালে ৫-৪ গোলে ফ্রান্সকে হারায় তারা।
ফ্রান্স জিতলে ২০১৮ ও ২০২২ সালের পর টানা তৃতীয়বার বিশ্বকাপ ফাইনালে উঠবে। স্পেনের সামনে ২০১০ সালের পর প্রথম এবং নিজেদের ইতিহাসে দ্বিতীয়বার ফাইনালে ওঠার সুযোগ। বিজয়ী দল শিরোপার ম্যাচে আর্জেন্টিনা অথবা ইংল্যান্ডের মুখোমুখি হবে।




