সরাসরি ২০৩০ বিশ্বকাপ খেলার সুযোগ পেল ৬ দেশ

২০২৬ বিশ্বকাপ শেষ হওয়ার পর ফুটবলপ্রেমীদের অপেক্ষা এখন ২০৩০ বিশ্বকাপের। এবারের আসরটি হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে ব্যতিক্রমী বিশ্বকাপ। বিশ্বকাপের ১০০ বছর পূর্তি উপলক্ষে প্রথমবারের মতো ছয়টি দেশ ও তিনটি মহাদেশজুড়ে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি।
কবে শুরু হবে ২০৩০ বিশ্বকাপ?
ফিফার প্রস্তাবিত সূচি অনুযায়ী, বিশ্বকাপের শতবর্ষ উদ্যাপনের বিশেষ ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ২০৩০ সালের ৮ ও ৯ জুন। এসব ম্যাচ হবে দক্ষিণ আমেরিকার তিন দেশে।
এরপর মূল পর্বের উদ্বোধনী অনুষ্ঠান ও ম্যাচ শুরু হবে ১৩ ও ১৪ জুন মরক্কো, পর্তুগাল ও স্পেনে।
সবকিছু ঠিক থাকলে ২০৩০ সালের ২১ জুলাই বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে। তবে পূর্ণাঙ্গ সূচি এখনো প্রকাশ করেনি ফিফা।
কোন কোন দেশে হবে বিশ্বকাপ?
২০৩০ বিশ্বকাপের মূল আয়োজক তিন দেশ— স্পেন, পর্তুগাল ও মরক্কো। আর বিশ্বকাপের শতবর্ষ উপলক্ষে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়ে উদ্বোধনী পর্বের একটি করে ম্যাচ আয়োজন করবে।
ফলে ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ছয়টি দেশ ও তিনটি মহাদেশে।
কেন তিনটি দক্ষিণ আমেরিকার দেশ?
১৯৩০ সালে উরুগুয়েতে প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। সেই শতবর্ষ স্মরণে উরুগুয়েকে একটি ম্যাচ আয়োজনের সুযোগ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রথম বিশ্বকাপের রানার্সআপ ছিল আর্জেন্টিনা। আর দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা কনমেবলের সদর দপ্তর প্যারাগুয়েতে হওয়ায় দেশটিও একটি ম্যাচ আয়োজন করবে।
কোন দেশগুলো ইতিমধ্যে নিশ্চিত?
আয়োজক হওয়ায় সরাসরি বিশ্বকাপে খেলবে ছয় দেশ— স্পেন, পর্তুগাল, মরক্কো, উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়ে। বাকি ৪২টি দল বাছাইপর্ব পেরিয়ে মূল আসরে জায়গা করে নেবে।
কতটি দল খেলবে?
বর্তমান পরিকল্পনা অনুযায়ী, ২০৩০ বিশ্বকাপে ৪৮টি দল অংশ নেবে। ২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো এই ফরম্যাট চালু হয়েছে। তবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, ভবিষ্যতে ৬৪ দলের বিশ্বকাপ আয়োজনের প্রস্তাবও বিবেচনা করা হবে। যদিও এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
এরপর কোথায়?
২০৩৪ সালের পুরুষদের ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে সৌদি আরব। ২০২৪ সালের ডিসেম্বরে দেশটিকে আনুষ্ঠানিকভাবে আয়োজক ঘোষণা করে ফিফা।
.png)






