শেষ ষোলোর লড়াইয়ে দুই কিংবদন্তি রোনালদো-মদরিচ

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোর টিকিট নিশ্চিত করার লড়াইয়ে মুখোমুখি হয়েছে ইউরোপের দুই পরাশক্তি পর্তুগাল ও ক্রোয়েশিয়া। কানাডার টরন্টোয় শুক্রবার (৩ জুলাই) ভোরে শুরু হওয়া ম্যাচের সবচেয়ে বড় আকর্ষণ দুই কিংবদন্তি—ক্রিশ্চিয়ানো রোনালদো ও লুকা মদরিচ।
গ্রুপ পর্বে তিন ম্যাচে এক জয় নিয়ে ‘কে’ গ্রুপের রানার্সআপ হিসেবে নকআউটে ওঠে পর্তুগাল। অন্যদিকে ‘এল’ গ্রুপে দুই জয় ও ছয় পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করে শেষ ষোলো নিশ্চিত করে ক্রোয়েশিয়া।
এই ম্যাচের জয়ী দল কোয়ার্টার ফাইনালে শক্তিশালী স্পেনের মুখোমুখি হবে।
পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোকে ঘিরেই দলের সবচেয়ে বড় ভরসা। অভিজ্ঞ এই ফরোয়ার্ডের নেতৃত্বে বড় ম্যাচে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত পর্তুগাল।
এটি রোনালদোর শেষ বিশ্বকাপ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাই তার প্রতিটি ম্যাচই বাড়তি গুরুত্ব পাচ্ছে।
অন্যদিকে ক্রোয়েশিয়ার নেতৃত্বে রয়েছেন লুকা মদরিচ। ২০১৮ বিশ্বকাপে দলকে ফাইনালে তুলেছিলেন এই অভিজ্ঞ মিডফিল্ডার। এবারও তার নেতৃত্বেই আরেকটি স্মরণীয় সাফল্যের স্বপ্ন দেখছে ক্রোয়েশিয়া।
২০১২ থেকে ২০১৮ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের জার্সিতে একসঙ্গে খেলেছেন রোনালদো ও মদরিচ। এই সময়ে তারা ২২২টি ম্যাচ খেলে জিতেছেন ১৩টি শিরোপা, যার মধ্যে ছিল চারটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ।
মদরিচ মাঝমাঠ নিয়ন্ত্রণ করতেন, আর রোনালদো গোল করে দলকে এনে দিতেন জয়। ব্যক্তিগত অর্জনেও দুজনই অনন্য। রোনালদো পাঁচবার এবং মদরিচ একবার জিতেছেন ব্যালন ডি'অর।
এবার বিশ্বকাপের মঞ্চে তারা মুখোমুখি হয়েছেন প্রতিপক্ষ হিসেবে। বিশ্বকাপে দুজনকে একসঙ্গে দেখার এটিই হয়তো শেষ সুযোগ।
দুই দলের একাদশ
পর্তুগাল: দিয়োগো কস্তা (গোলরক্ষক), জোয়াও কানসেলো, রুবেন দিয়াস, রেনাতো ভেইগা, নুনো মেন্দেস, জোয়াও নেভেস, ভিতিনিয়া, ব্রুনো ফার্নান্দেস, রাফায়েল লিয়াও, পেদ্রো নেতো, ক্রিশ্চিয়ানো রোনালদো।
ক্রোয়েশিয়া: দমিনিক লিভাকোভিচ, ইয়োসিপ স্তানিসিচ, ইয়োস্কো শুতালো, মারিন পংরাচিচ, ইভান পেরিসিচ, মাতেও কোভাচিচ, লুকা মদরিচ, পেতার সুচিচ, মার্তিন বাতুরিনা, আন্তে বুদিমির, নিকোলা ভ্লাসিচ।





