ক্যালিফোর্নিয়ার বিশ্বকাপ ফ্যান জোনে গুলি, নিহত একজন

ক্যালিফোর্নিয়ার স্যান হোসেতে বিশ্বকাপ ফ্যান জোন হিসেবে ব্যবহৃত একটি বিনোদন এলাকায় গুলির ঘটনায় একজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন। স্থানীয় পুলিশ ঘটনাটিকে হত্যাকাণ্ড হিসেবে তদন্ত করছে।
ঘটনাটি ঘটে সান পেদ্রো স্কয়ারে। বিশ্বকাপ চলাকালে এই জায়গায় বড় পর্দায় ম্যাচ দেখার আয়োজন করা হচ্ছিল এবং বে এরিয়ার বিভিন্ন ফ্যান জোনের মতো এখানেও দর্শকদের ভিড় হচ্ছিল। তবে পুলিশ জানিয়েছে, গুলির সময় সেখানে কোনো বিশ্বকাপ ম্যাচ দেখানো হচ্ছিল না। দিনের একমাত্র বিশ্বকাপ ম্যাচটি এর আগেই শেষ হয়ে গিয়েছিল।
স্যান হোসে পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, একজনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়েছে। আরেকজনকে জীবনসংকটাপন্ন অবস্থায় স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনার পর আশপাশের কয়েকটি রাস্তা বন্ধ করে দেওয়া হয়।
গুলির পর সান পেদ্রো স্কয়ারে এলাকায় ব্যাপক পুলিশ উপস্থিতি দেখা যায়। ঘটনাস্থল ঘিরে ফেলা হয়। স্থানীয় প্রতিবেদনে বলা হয়েছে, এলাকার বেশ কয়েকটি বারও বন্ধ করে দেওয়া হয়। পুলিশ নিরাপত্তাকর্মী ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলছে।
সান পেদ্রো স্কয়ারে স্যান ফ্রান্সিসকো বে অ্যারিয়ার অন্যতম জনপ্রিয় বিশ্বকাপ ফ্যান জোন হিসেবে ব্যবহৃত হচ্ছিল। টুর্নামেন্ট চলাকালে বড় পর্দায় ম্যাচ দেখার জন্য সেখানে নিয়মিত সমর্থকদের ভিড় জমছিল। বে এরিয়া এখন পর্যন্ত বিশ্বকাপের পাঁচটি ম্যাচ আয়োজন করেছে।
তবে গুলির ঘটনার সঙ্গে বিশ্বকাপ দর্শক সমাগমের সরাসরি কোনো সম্পর্ক আছে কি না, তা এখনো পরিষ্কার নয়। পুলিশ সন্দেহভাজন, উদ্দেশ্য বা ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত জানায়নি।





