Advertisement

আয়ালা মিথ্যা বলছেন, তার ক্ষমাও চান না স্প্যানিশ মিডফিল্ডার

এশিয়া পোস্ট স্পোর্টস
আয়ালা মিথ্যা বলছেন, তার ক্ষমাও চান না স্প্যানিশ মিডফিল্ডার
দানি অলমো-রবার্তো আয়ালা। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফাইনালের পর মাঠের উত্তেজনা থেমেছে, কিন্তু আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালা ও স্প্যানিশ ডিফেন্ডার দানি অলমোর কথার লড়াই থামেনি। স্পেনের মিডফিল্ডারকে আঘাত করার ঘটনায় ক্ষমা চেয়েছিলেন আর্জেন্টিনার সহকারী কোচ। তবে সেই ক্ষমা প্রত্যাখ্যান করে আয়ালার বিরুদ্ধে মিথ্যা বলার অভিযোগ তুলেছেন অলমো।

ঘটনাটি ঘটে স্পেনের বিশ্বকাপ জয়ের পর। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারানোর পর দুই দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সেই সময় অলমোকে আয়ালা আঘাত করেছেন বলে ভিডিওতে দেখা যায়।

পরে নিজের আচরণের জন্য দুঃখ প্রকাশ করেন লিওনেল স্কালোনির কোচিং দলের সদস্য আয়ালা। তবে ঘটনাটিকে ঘুষি নয়, বরং ধাক্কা হিসেবে বর্ণনা করেন তিনি। একই সঙ্গে দাবি করেন, অলমোর একটি মন্তব্যের প্রতিক্রিয়ায় এমন আচরণ করেছিলেন। স্প্যানিশ ফুটবলারের সঙ্গে দেখা হলে ব্যক্তিগতভাবে ক্ষমা চাইবেন বলেও জানান আর্জেন্টিনার সাবেক অধিনায়ক।

আয়ালার এই ব্যাখ্যাই মানতে পারছেন না অলমো। তার মতে, ক্ষমা চাওয়ার পাশাপাশি আঘাতের পক্ষে যুক্তি দাঁড় করালে সেটিকে প্রকৃত অনুশোচনা বলা যায় না।

স্প্যানিশ সংবাদমাধ্যম এএসকে দেওয়া প্রতিক্রিয়ায় অলমো বলেন, ‘আমি তাকে কিছুই বলিনি। তাই তার ক্ষমা চাওয়ারও প্রয়োজন নেই।’ আয়ালা ঘটনার সত্যতা আড়াল করার চেষ্টা করছেন বলেও অভিযোগ তাঁর।

বিতর্কের বাইরে গিয়ে খেলোয়াড়দের সামাজিক দায়ের কথাও মনে করিয়ে দিয়েছেন অলমো। তার মতে, ভুল হতেই পারে। কিন্তু সেই ভুল বিনয়, সততা ও মর্যাদার সঙ্গে স্বীকার করার সাহসই একজন মানুষকে চেনায়।

স্পেনের এই মিডফিল্ডার চান, তার সন্তান, পরিবার ও সমর্থকেরা শুধু দলের জয় নয়, মাঠে খেলোয়াড়দের আচরণ নিয়েও গর্ব করুক। ফুটবলারদের দেখে ভবিষ্যৎ প্রজন্ম শেখে বলে তাঁদের দায়িত্বও অনেক বেশি বলে মনে করেন তিনি।

তবে বিশ্বকাপ জয়ের আনন্দকে এই বিতর্কের আড়ালে যেতে দিতে চান না অলমো। কঠোর পরিশ্রমের পর স্পেন বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে এবং গোটা বিশ্ব তাদের সাফল্য দেখেছে, আপাতত সেই স্মৃতিটিই ধরে রাখতে চান বার্সেলোনার এই ফুটবলার।

ফাইনাল-পরবর্তী সংঘর্ষের ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু করেছে ফিফা। আয়ালা ছাড়াও আর্জেন্টিনার কয়েকজন ফুটবলারের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে সংশ্লিষ্ট ব্যক্তি এবং আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।