মেসিরা দিন ঠিক করলেই জাতীয় ছুটি আর্জেন্টিনায়

বিশ্বকাপের শিরোপা ধরে রাখা হয়নি। তবু রানার্সআপ হয়ে দেশে ফেরা লিওনেল মেসিদের বরণ করে নিতে প্রস্তুত আর্জেন্টিনা। জাতীয় দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের যেদিন রানার্সআপ হওয়ার সংবর্ধনা নিবে সেদিন জাতীয় ছুটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই।
রোববার নিউ জার্সিতে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারে আর্জেন্টিনা। নির্ধারিত সময় গোলশূন্য থাকার পর অতিরিক্ত সময়ের ১০৬ মিনিটে ফেরান তোরেসের গোলে শিরোপা জেতে স্পেন।
ফাইনালের পর আর্জেন্টিনার খেলোয়াড়েরা সংবাদমাধ্যমের সঙ্গে কথা না বলেই স্টেডিয়াম ছাড়েন। সোমবার তাদের বুয়েনস আইরেসে পৌঁছানোর কথা রয়েছে। দেশে ফেরার পর দলটি সমর্থকদের সঙ্গে উদ্যাপনে অংশ নেবে কি না এবং সেটি কবে হবে, তা এখনো নিশ্চিত করা হয়নি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় প্রেসিডেন্ট মিলেই লিখেছেন, জাতীয় দলের অর্জন উদ্যাপন নিয়ে মানুষের আগ্রহের কথা বিবেচনা করে খেলোয়াড় ও কোচিং স্টাফ যে দিনটি ঠিক করবেন, সেদিন জাতীয় ছুটি ঘোষণা করা হবে।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম ক্লারিন জানিয়েছে, সোমবার সমর্থকদের সম্ভাব্য জমায়েতের প্রস্তুতি নিতে শুরু করেছে সরকার। প্লাজা দে মায়ো এলাকায় করোনাভাইরাসে নিহত ব্যক্তিদের স্মরণে রাখা পাথরগুলো সাময়িকভাবে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, জাতীয় দলের খেলোয়াড়দের স্বাগত জানাতে সেখানে বিপুলসংখ্যক মানুষ জড়ো হতে পারেন।
ফাইনালের দিনও বুয়েনস আইরেসের ঐতিহাসিক ওবেলিস্ক এলাকায় সমবেত হয়েছিলেন হাজারো আর্জেন্টাইন সমর্থক। পরাজয়ের হতাশা থাকলেও মেসি ও তার সতীর্থদের প্রতি সমর্থন জানাতে ম্যাচের পরও অনেকে সেখানে অবস্থান করেন।
২০২২ সালে বিশ্বকাপ জয়ের পর মেসিদের দেশে ফেরার দিনও জাতীয় ছুটি ঘোষণা করেছিল আর্জেন্টিনা। চার বছর পর ট্রফি সঙ্গে না থাকলেও রানার্সআপ দলটিকে ঘিরে দেশটির মানুষের আবেগে কোনো ঘাটতি নেই।
.png)





