পেনাল্টির আগে গোলরক্ষককে কী বলেছিলেন নেইমার

ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিদায় নিয়েছে ব্রাজিল। ম্যাচের যোগ করা সময়ে পেনাল্টি থেকে দলের একমাত্র গোলটি করেন নেইমার জুনিয়র। তবে গোলের আগে নরওয়ের গোলরক্ষক ওরিয়ান নাইল্যান্ডের সঙ্গে তার কথোপকথন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
ব্রাজিলের টেলিভিশন অনুষ্ঠান ফান্তাস্তিকো প্রকাশিত ভিডিওতে দেখা যায়, পেনাল্টি নেওয়ার আগে নেইমার মজা করে গোলরক্ষককে বলেন, ‘কোন দিকে চাস? কোন দিকে মারব বল?’
জবাবে আত্মবিশ্বাসী নাইল্যান্ড বলেন, ‘পোস্টে মারো। তবে আমি এটা ঠেকিয়ে দেব। দেখে নিও, আমি বলটা আটকে দেব।’
এরপর নিখুঁত শটে বল জালে জড়ান নেইমার। গোলরক্ষক নিজের জায়গায় দাঁড়িয়ে শুধু বলের জালে জড়ানো দেখেন। গোল করার পর নেইমার নাইল্যান্ডকে উদ্দেশ্য করে বলেন, ‘আমার সঙ্গে এসব চালাকি চলবে না। আমার সঙ্গে নয়!’
তবে নেইমারের গোলটি ব্রাজিলকে হার থেকে রক্ষা করতে পারেনি। ম্যাচের প্রথমার্ধে গোলশূন্য অবস্থায় ব্রাজিলের প্রথম পেনাল্টিটি নেন ব্রুনো গিমারায়েস। তার শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন নাইল্যান্ড। শেষদিকে কাসেমিরোর আদায় করা পেনাল্টি থেকে নেইমার গোল করলেও নরওয়ে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে।
ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবোসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের দাবি, এটি জাতীয় দলের জার্সিতে নেইমারের শেষ গোল হতে পারে। ম্যাচ শেষে জিই টিভিকে দেওয়া সাক্ষাৎকারে ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড জাতীয় দল থেকে বিদায়ের ইঙ্গিত দেন।
তিনি বলেন, ‘আমি চেষ্টা করেছি, অনেক চেষ্টা করেছি। কিন্তু এখন সব শেষ। এখানেই শুরু করেছিলাম, এখানেই শেষ করলাম।’
২০১০ সালে মাত্র ১৮ বছর বয়সে ব্রাজিলের হয়ে অভিষেক হওয়া নেইমার জাতীয় দলের হয়ে ১৩০ ম্যাচে ৮০ গোল ও ৫৯টি অ্যাসিস্ট করেছেন। ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হলেও বিশ্বকাপ কিংবা কোপা আমেরিকার শিরোপা জয়ের স্বপ্ন অপূর্ণ রেখেই তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি ঘটতে পারে।





