Advertisement

ফাইনালের আগে মেসির আবেগঘন বার্তা

এশিয়া পোস্ট স্পোর্টস
ফাইনালের আগে মেসির আবেগঘন বার্তা
পুরো আর্জেন্টিনা বিশ্বকাপ বহর। ছবি: মেসির ইনস্টাগ্রাম

বিশ্বকাপ ফাইনালের আগের রাত। খেলোয়াড়দের সঙ্গে ছবিতে আছেন কোচ, চিকিৎসক, সরঞ্জামকর্মী, রাঁধুনি ও কর্মকর্তারাও। মাঝখানে লিওনেল মেসি, পাশে কোচ লিওনেল স্কালোনি। স্পেনের বিপক্ষে শিরোপার লড়াইয়ে নামার আগে পুরো আর্জেন্টিনা পরিবারকে একটি ছবিতে ধরে রাখলেন তারা।

সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে সতীর্থ ও দলের নেপথ্যে কাজ করা প্রত্যেকের উদ্দেশে আবেগঘন বার্তা দিয়েছেন মেসি। তার কথায়, ফল যা-ই হোক, এই দল এরই মধ্যে এমন ইতিহাস লিখেছে, যা কেউ মুছে দিতে পারবে না।

নিউ জার্সিতে দলের শেষ রাতের ছবিতে ২৬ ফুটবলারের পাশাপাশি ছিলেন কোচিং ও চিকিৎসক দলের সদস্য, সরঞ্জামকর্মী, রাঁধুনি এবং আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। সভাপতি ক্লদিও তাপিয়াও যোগ দেন ছবিতে। ফাইনালের আগে বিশ্রামে যাওয়ার পূর্বে এটিই ছিল পুরো দলের শেষ আনুষ্ঠানিক ছবি।

ছবিটি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে মেসি জানান, গত কয়েক বছরের সবচেয়ে সুন্দর স্মৃতি শুধু জেতা শিরোপাগুলো নয়। সতীর্থদের সঙ্গে প্রতিদিনের পথচলা, একসঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা, কঠিন সময় থেকে ঘুরে দাঁড়ানো এবং যাত্রার প্রতিটি মুহূর্ত উপভোগ করাই তার কাছে বেশি মূল্যবান।

সতীর্থ, কোচিং দল এবং জাতীয় দলকে পরিবারের মতো আগলে রাখা প্রত্যেককে ধন্যবাদ জানিয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক। বার্তার শেষ অংশে তিনি লেখেন, ‘কাল যা-ই ঘটুক, এই দল এমন এক ইতিহাস লিখেছে, যা আমরা কখনো ভুলব না এবং কেউ মুছতেও পারবে না।’ এরপর সবাইকে আর্জেন্টিনার পাশে থাকার আহ্বান জানান তিনি।

স্পেনের বিপক্ষে ম্যাচটি মেসির তৃতীয় বিশ্বকাপ ফাইনাল। ২০১৪ সালে জার্মানির কাছে হারের পর ২০২২ সালে ফ্রান্সকে হারিয়ে দীর্ঘদিনের অপূর্ণতা ঘুচিয়েছিলেন তিনি। এবার ৩৯ বছর বয়সে সম্ভাব্য শেষ বিশ্বকাপ ম্যাচে আর্জেন্টিনাকে টানা দ্বিতীয় শিরোপা এনে দেওয়ার সুযোগ তার সামনে।

এবারের আসরেও আর্জেন্টিনার ফাইনালে ওঠার প্রধান কারিগর মেসি। আট গোলের পাশাপাশি চারটি গোলে সহায়তা করেছেন তিনি। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে গোল না পেলেও আর্জেন্টিনার দুটি গোলই এসেছে তার পাস থেকে। শেষ পাঁচ মিনিটে এনজো ফার্নান্দেজের সমতা ফেরানো গোল এবং যোগ করা সময়ে লাউতারো মার্তিনেজের জয়সূচক গোলে সহায়তা করেন অধিনায়ক।

বাংলাদেশ সময় সোমবার রাত ১টায় নিউইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে শুরু হবে ফাইনাল। আর্জেন্টিনার লক্ষ্য চতুর্থ বিশ্বকাপ এবং ১৯৬২ সালের ব্রাজিলের পর প্রথম দল হিসেবে শিরোপা ধরে রাখা। স্পেন জিতলে ২০১০ সালের পর দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হবে।