বিশ্বকাপই শেষ নয়, আর্জেন্টিনার জার্সিতে আবারও খেলবেন মেসি

স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালই লিওনেল মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, এমন আশঙ্কা ছিল অনেকের। তবে আর্জেন্টিনার জার্সিতে এখানেই থামছেন না ৩৯ বছর বয়সী তারকা। সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরেই আবার জাতীয় দলের হয়ে মাঠে দেখা যেতে পারে তাকে।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের সাংবাদিক গাস্তন এদুল জানিয়েছেন, ২০২৬ বিশ্বকাপ খেলেই জাতীয় দল ছাড়বেন, এমন কোনো সিদ্ধান্ত নিয়ে টুর্নামেন্টে আসেননি মেসি। নিজের ঘনিষ্ঠজনদেরও তিনি কখনো জানাননি যে এটিই হবে আর্জেন্টিনার হয়ে তার শেষ প্রতিযোগিতা। তাই স্পেনের বিপক্ষে ফাইনালই তার শেষ আন্তর্জাতিক ম্যাচ হওয়ার সম্ভাবনা খুব কম।
ফাইনালে ১-০ গোলে হারের পর মাঠে কান্নায় ভেঙে পড়েছিলেন মেসি। ম্যাচ শেষে অন্য খেলোয়াড়দের মতো তিনিও সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেননি। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া আবেগঘন বার্তায় পরাজয়ের কষ্ট, সতীর্থদের প্রচেষ্টা ও সমর্থকদের ভালোবাসার কথা লিখলেও নিজের ভবিষ্যৎ নিয়ে কিছু জানাননি।
বিশ্বকাপ শেষে আপাতত বিশ্রামে থাকবেন মেসি। হারের ধাক্কা সামলে মানসিকভাবে স্বাভাবিক হওয়ার পর জাতীয় দলে নিজের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনি।
আগামী সেপ্টেম্বরে আন্তর্জাতিক বিরতিতে দুটি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে আর্জেন্টিনার। প্রতিপক্ষ, তারিখ ও ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি। তবে মেসি খেলা চালিয়ে গেলে সেই ম্যাচগুলোর কোনো একটিতে আবারও তাঁকে আকাশি-সাদা জার্সিতে দেখা যেতে পারে।
মেসির সম্ভাব্য বিদায়ী ম্যাচটি আর্জেন্টিনার মাটিতে আয়োজন করাই সবচেয়ে যৌক্তিক বলে মনে করা হচ্ছে। দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে যাঁদের সামনে তিনি দেশের হয়ে অসংখ্য স্মরণীয় মুহূর্ত তৈরি করেছেন, সেই সমর্থকদের সামনেই তাকে বিদায় জানানোর পরিকল্পনা করা হতে পারে।
২০২৬ বিশ্বকাপটি মেসির শেষ বিশ্বকাপ হয়ে থাকতে পারে। ২০৩০ সালে পরবর্তী আসরের সময় তাঁর বয়স হবে ৪৩ বছর। তবে বিশ্বকাপ শেষ হওয়া আর আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হওয়া এক নয়। মেসির চূড়ান্ত বিদায়ের জন্য তাই আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।
.png)





