মুখ ঢেকে কথা বলায় লাল কার্ড আলমিরোনের

বিশ্বকাপে নতুন নিয়মের প্রথম বড় প্রয়োগ দেখা গেল তুরস্ক-প্যারাগুয়ে ম্যাচে। প্রতিপক্ষের সঙ্গে উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে মুখ ঢেকে কথা বলায় সরাসরি লাল কার্ড দেখেছেন প্যারাগুয়ের ফরোয়ার্ড মিগেল আলমিরোন। ২০২৬ বিশ্বকাপের আগে চালু হওয়া নিয়মটি, যাকে অনেকেই ভিনিসিয়ুস আইন বলছেন, প্রথমবারের মতো মাঠে এমন বড় শাস্তির রূপ পেল।
ঘটনাটি ঘটে গ্রুপ ‘ডি’র তুরস্ক-প্যারাগুয়ে ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে। দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা তৈরি হলে আলমিরোন তুরস্কের ডিফেন্ডার মের্ত মুলদুরের দিকে মুখ ঢেকে কিছু বলেন। এরপর তুরস্কের খেলোয়াড়েরা রেফারির দৃষ্টি আকর্ষণ করেন। ভিএআর থেকেও বিষয়টি পর্যালোচনার জন্য জানানো হয়।
পরে সালভাদরের রেফারি ইভান বার্টন ঘটনাটি দেখে আলমিরোনকে সরাসরি লাল কার্ড দেখান। এতে প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ১০ জনের দলে পরিণত হয় প্যারাগুয়ে। নতুন নিয়মের কারণে সিদ্ধান্তটি দ্রুত আলোচনায় আসে। কারণ আগে মাঠে খেলোয়াড়েরা মুখ ঢেকে কথা বললেও সাধারণত এমন সরাসরি শাস্তির নজির ছিল না।
এই নিয়মের পেছনে আছে ভিনিসিয়ুস জুনিয়রকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক। চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদ-বেনফিকা ম্যাচে জিয়ানলুকা প্রেস্তিয়ান্নির বিরুদ্ধে অভিযোগ ওঠে, তিনি মুখ ঢেকে ভিনিসিয়ুসকে বৈষম্যমূলক মন্তব্য করেছিলেন। প্রেস্তিয়ান্নি সেই অভিযোগ অস্বীকার করেছিলেন। তবে ঘটনাটি ফুটবল প্রশাসনকে নতুন করে ভাবতে বাধ্য করে।
এরপর ফিফার প্রস্তাবে আইএফএবি নতুন বিধান অনুমোদন করে। নিয়মটির উদ্দেশ্য হলো, খেলোয়াড়েরা যাতে মুখ, হাত, বাহু বা জার্সি দিয়ে কথার উৎস আড়াল করে প্রতিপক্ষকে বর্ণবাদী, সমকামবিদ্বেষী বা অন্য কোনো বৈষম্যমূলক মন্তব্য করতে না পারে।
Miguel Almiron is handed a straight red for covering his mouth, the first adoption of the new rule at this World Cup.
— ESPN FC (@ESPNFC) June 20, 2026
Paraguay are down to 10 for the rest of this match against Turkiye. pic.twitter.com/2o8x41Y1n7
তবে নিয়মটি শুধু মুখ ঢাকলেই স্বয়ংক্রিয়ভাবে লাল কার্ড, এভাবে দেখার সুযোগ নেই। এটি মূলত প্রতিপক্ষের সঙ্গে সংঘাতপূর্ণ পরিস্থিতিতে মুখ ঢেকে কথা বলার ক্ষেত্রে প্রযোজ্য। প্রতিযোগিতা আয়োজকের নিয়ম ও রেফারির সিদ্ধান্ত অনুযায়ী এমন ঘটনায় সরাসরি লাল কার্ড দেখানো যেতে পারে।
আলমিরোনের ঘটনাটি তাই ঐতিহাসিক হয়ে থাকল। প্যারাগুয়ের গুরুত্বপূর্ণ ফরোয়ার্ড হিসেবে তিনি মাঠে ছিলেন দলের আক্রমণের অন্যতম ভরসা। কিন্তু প্রথমার্ধেই লাল কার্ড দেখে বেরিয়ে যাওয়ায় প্যারাগুয়ের পরিকল্পনায় বড় ধাক্কা লাগে।
ম্যাচের শুরুতেই এগিয়ে গিয়েছিল প্যারাগুয়ে। মাতিয়াস গালারসা মাত্র ৬৫ সেকেন্ডে গোল করে দলকে এগিয়ে দেন। কিন্তু প্রথমার্ধের শেষ দিকে আলমিরোনের লাল কার্ড ম্যাচের গতিপথ বদলে দেওয়ার মতো ঘটনা হয়ে দাঁড়ায়। বিরতিতে প্যারাগুয়ে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে তাদের খেলতে হচ্ছে ১০ জন নিয়ে।
