উন্নতির পথে মেসির বাবা, গোপনীয়তা চাইল পরিবার

লিওনেল মেসির বাবা জর্জে মেসির স্বাস্থ্য নিয়ে ছড়ানো গুঞ্জনের মধ্যে বিবৃতি দিয়েছে মেসি পরিবার। বিবৃতিতে জানানো হয়েছে, জর্জে মেসি স্বাস্থ্যজনিত সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন। তবে তাঁর অবস্থা উন্নতির দিকে বলেও জানিয়েছে পরিবার।
মেসি পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, জর্জে চিকিৎসাধীন অবস্থায় ধীরে ধীরে সেরে উঠছেন। তবে সাম্প্রতিক সময়ে তাঁর স্বাস্থ্য নিয়ে যেসব গুজব, অনুমান ও অপ্রমাণিত তথ্য ছড়িয়েছে, তাতে অস্বস্তি প্রকাশ করেছে পরিবার।
পরিবারের বিবৃতিতে বিষয়টিকে সম্পূর্ণ ব্যক্তিগত ও পারিবারিক বলে উল্লেখ করা হয়েছে। এমন পরিস্থিতিতে সংবেদনশীলতা, সম্মান ও মানবিক আচরণ প্রত্যাশা করা হয় বলেও জানানো হয়েছে। পরিবারের অভিযোগ, জর্জে মেসির শারীরিক অবস্থা নিয়ে কিছু মানুষ যথেষ্ট দায়িত্বশীলতা দেখাননি।
বিবৃতিতে আরও বলা হয়েছে, জর্জে মেসির শারীরিক অবস্থা নিয়ে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য কেবল তাঁর নিকটাত্মীয়দের কাছেই আছে। তাই পরিবারের আনুষ্ঠানিক মাধ্যম ছাড়া অন্য কোনো দাবি বা তথ্যকে সত্য ধরে না নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
🚨 OFFICIAL: Messi family statement. ❗️
— Fabrizio Romano (@FabrizioRomano) June 18, 2026
"The Messi family informs that Jorge Messi is currently going through a health situation.
"At this time, he is under medical supervision, recovering and progressing favorably within the condition he is experiencing.
"In light of the… pic.twitter.com/JyRwkozyCX
সংবাদমাধ্যম ও সাধারণ মানুষের কাছে দায়িত্বশীল, সতর্ক ও মানবিক আচরণের আহ্বান জানিয়েছে মেসি পরিবার। বিবৃতিতে বলা হয়েছে, একজন মানুষের স্বাস্থ্য এবং তাঁর কাছের মানুষদের মানসিক অবস্থাকে জল্পনা বা দায়িত্বহীন আলোচনার বিষয় বানানো উচিত নয়।
শেষে ভালোবাসা, শ্রদ্ধা ও উদ্বেগ জানানো সবাইকে ধন্যবাদ জানিয়েছে মেসি পরিবার। একই সঙ্গে জর্জে মেসি ও তাঁর পরিবারের গোপনীয়তা, ব্যক্তিগত পরিসর এবং মর্যাদা রক্ষার অনুরোধ করা হয়েছে। প্রয়োজন হলে পরবর্তী আপডেট পরিবারের পক্ষ থেকেই জানানো হবে।