আর্জেন্টাইন সমর্থকের কাছে বর্ণ বিদ্বেষের শিকার আইশোস্পিড

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ চলাকালে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম তারকা আইশোস্পিড আর্জেন্টাইন সমার্থকের বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন। আর্জেন্টিনা ও কেপ ভার্দের ম্যাচে বিদ্বেষমূলক আচরণের এ ঘটনার নিন্দা জানিয়েছে ফিফা।
মঙ্গলবার এক বিবৃতিতে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি জানায়, ফিফা সব ধরনের বর্ণবাদ, ঘৃণা ও বৈষম্যের তীব্র নিন্দা জানায়। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।
ফিফা জানায়, গত ৩ জুলাই মায়ামি স্টেডিয়ামে আর্জেন্টিনা ও কেপ ভার্দের ম্যাচ চলাকালে এক আর্জেন্টাইন সমর্থক আইশোস্পিডের সঙ্গে আপত্তিকর আচরণ করেন। বিষয়টি তাদের নজরে আসার পরপরই তদন্ত শুরু করা হয়েছে।
আইশোস্পিডের প্রকৃত নাম ড্যারেন ওয়াটকিনস জুনিয়র। তিনি ফিফা, ফক্স স্পোর্টস ও ইউটিউবের সঙ্গে চুক্তির আওতায় তিনি বিশ্বকাপের একাধিক ম্যাচ সরাসরি সম্প্রচার (লাইভস্ট্রিম) করছেন।
ম্যাচ চলাকালে লাইভস্ট্রিমের সময় গ্যালারিতে থাকা ওই আর্জেন্টাইন নারী সমর্থক তার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলে আইশোস্পিড জানতে চান তিনি কী বলছেন। তখন ওই সমর্থক স্প্যানিশ ভাষায় তাকে ‘চিড়িয়াখানায় গিয়ে কাঁদতে’ বলেন, যা ব্যাপক সমালোচনার জন্ম দেয়।
বর্তমানে আইশোস্পিডের সামাজিক যোগাযোগমাধ্যমে ১৫ কোটিরও বেশি অনুসারী রয়েছে। ইউটিউবে তার সাবস্ক্রাইবার ৫ কোটি ৭০ লাখ, ইনস্টাগ্রামে অনুসারী ৫ কোটি, টিকটকে ৪ কোটি ৭০ লাখ এবং এক্সে (সাবেক টুইটার) ৪১ লাখের বেশি।
বিশ্বকাপের বিভিন্ন ভেন্যুতে আইশোস্পিডকে ঘিরে দর্শকদের ব্যাপক উন্মাদনাও দেখা গেছে। গত মাসে নিউ জার্সিতে একটি ম্যাচ শেষে নিরাপত্তাকর্মীদের ঘিরে তাকে স্টেডিয়াম ছাড়তে দেখা যায়, যখন অসংখ্য ভক্ত তাকে ঘিরে ধরেন।
ফিফা তাদের বিবৃতিতে বলেছে, বিশ্বকাপ হলো ‘ঐক্য, বৈচিত্র্য ও পারস্পরিক শ্রদ্ধার’ উৎসব। যারা এসব মূল্যবোধকে ক্ষুণ্ন করে, তাদের জন্য এই টুর্নামেন্টে কোনো স্থান নেই বলেও সংস্থাটি উল্লেখ করেছে।




