আর্জেন্টিনার শেষ আটের ম্যাচ কবে, কখন

মিশরের বিপক্ষে রোমাঞ্চকর জয় তুলে নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আটলান্টায় শেষ ষোলোর ম্যাচে একসময় ২-০ গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জিতে শেষ আট নিশ্চিত করেছে লিওনেল স্কালোনির দল।
এখন বাংলাদেশি সমর্থকদের বড় প্রশ্ন, আর্জেন্টিনার পরের ম্যাচ কবে, কখন এবং প্রতিপক্ষ কারা?
কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা খেলবে কানসাস সিটিতে। স্থানীয় সময় ম্যাচটি হবে ১১ জুলাই, শনিবার রাত ৮টায়। বাংলাদেশ সময় অনুযায়ী ম্যাচটি শুরু হবে ১২ জুলাই, রবিবার সকাল ৭টায়।
আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে সুইজারল্যান্ড ও কলম্বিয়ার মধ্যকার শেষ ষোলোর ম্যাচের জয়ী দল। প্রতিপক্ষ যে-ই হোক, স্কালোনির দলের জন্য লড়াই সহজ হবে না। মিশরের বিপক্ষে ম্যাচেই দেখা গেছে, এবারের বিশ্বকাপে কোনো দলকেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।
মিশরের বিপক্ষে শুরুটা ছিল আর্জেন্টিনার জন্য দুঃস্বপ্নের মতো। ১৫ মিনিটে ইয়াসের ইব্রাহিমের গোলে এগিয়ে যায় মিশর। দ্বিতীয়ার্ধে মোস্তফা জিকো ব্যবধান দ্বিগুণ করলে বড় অঘটনের শঙ্কা তৈরি হয়। তবে শেষ ভাগে ক্রিস্টিয়ান রোমেরো, লিওনেল মেসি ও এনজো ফার্নান্দেজের গোলে ম্যাচ ঘুরিয়ে দেয় বিশ্বচ্যাম্পিয়নরা।
গ্রুপ পর্বে আর্জেন্টিনা হারিয়েছিল আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডানকে। রাউন্ড অব ৩২-এ কেপ ভার্দেকে ৩-২ গোলে হারানোর পর শেষ ষোলোতেও একই ব্যবধানে মিশরকে হারাল মেসিরা।
কোয়ার্টার ফাইনাল জিতলে আর্জেন্টিনার সম্ভাব্য সেমিফাইনাল হবে ১৫ জুলাই, আটলান্টায়। আর শিরোপা ধরে রাখার শেষ লড়াই, অর্থাৎ ফাইনাল, হবে ১৯ জুলাই নিউ জার্সিতে।




