সুইডেনের কাছে বিধ্বস্ত হওয়ার পর কোচকে বরখাস্ত করল তিউনিসিয়া

বিশ্বকাপ শুরু করেই বড় ধাক্কা খেয়েছিল তিউনিসিয়া। এবার সেই ধাক্কার পরই এল আরও বড় সিদ্ধান্ত। সুইডেনের কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই কোচ সাবরি লামুশিকে বরখাস্ত করেছে তিউনিসিয়ান ফুটবল ফেডারেশন।
মন্টেরেতে গ্রুপ ‘এফ’-এর প্রথম ম্যাচে সুইডেনের বিপক্ষে প্রায় ভেঙে পড়েছিল তিউনিসিয়া। ইয়াসিন আয়ারির জোড়া গোলের সঙ্গে আলেকজান্ডার ইসাক, ভিক্টর ইয়োকেরেস ও মাটিয়াস সভানবেরির গোলে বড় জয় পায় সুইডেন। তিউনিসিয়ার হয়ে একমাত্র গোলটি করেন ওমর রেকিক। কিন্তু সেই গোলও ম্যাচের গতিপথ বদলাতে পারেনি।
ম্যাচের পরই চাপ বাড়ে লামুশির ওপর। সংবাদ সম্মেলনে তিনি হারকে কঠিন ও বেদনাদায়ক বলে স্বীকার করেছিলেন। একই সঙ্গে বলেছিলেন, তার দল অনেক বেশি ভুল করেছে। বিশ্বকাপের মতো মঞ্চে এমন ভুলের শাস্তি যে বড় হতে পারে, সেটি মাঠেই দেখা গেছে। এবার সেই ভুলের দাম দিলেন কোচ নিজেই।
লামুশি তিউনিসিয়ার দায়িত্ব নিয়েছিলেন ২০২৬ সালের জানুয়ারিতে। আফ্রিকা কাপ অব নেশনস থেকে বিদায়ের পর সামি ত্রাবেলসির জায়গায় তাঁকে কোচ করা হয়েছিল। কিন্তু নতুন দায়িত্বে তার সময়টা দীর্ঘ হলো না। মাত্র পাঁচ ম্যাচেই শেষ হলো তার তিউনিসিয়া অধ্যায়।
এই পাঁচ ম্যাচে লামুশির রেকর্ডও খুব শক্তিশালী ছিল না। এক জয়, এক ড্র ও তিন হার—এই ফল নিয়েই তার বিদায়। একমাত্র জয়টি ছিল হাইতির বিপক্ষে ১-০ ব্যবধানে। বিশ্বকাপের আগে তিউনিসিয়া আশা করেছিল, সাবেক ফ্রান্স আন্তর্জাতিক লামুশি অন্তত দলকে সংগঠিত করতে পারবেন। কিন্তু সুইডেন ম্যাচে রক্ষণভাগের ভুল, মাঝমাঠের অস্থিরতা এবং ম্যাচের নিয়ন্ত্রণ হারানো তার অবস্থান দুর্বল করে দেয়।
সুইডেনের বিপক্ষে প্রথম গোলেই তিউনিসিয়ার সমস্যা স্পষ্ট হয়ে যায়। গোলরক্ষক মুহিব শামাখ লম্বা বল সামলাতে গিয়ে ভুল করেন, সেই সুযোগে গোল করেন আয়ারি। পরে এলিয়েস স্কিরির ভুল পাস থেকে ইয়োকেরেসের গোল ম্যাচ কার্যত সুইডেনের দিকে ঠেলে দেয়। লামুশি নিজেও ম্যাচ শেষে বলেছিলেন, এত ভুল করলে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন।
তবে বিশ্বকাপের মাঝপথে কোচ বদলানো সহজ সিদ্ধান্ত নয়। তিউনিসিয়া এখনও গ্রুপ পর্বে আরও দুটি ম্যাচ খেলবে। সামনে আছে জাপান ও নেদারল্যান্ডসের মতো কঠিন প্রতিপক্ষ। এমন সময়ে কোচ বরখাস্ত মানে শুধু একজনকে সরানো নয়, পুরো দলের পরিকল্পনাই নতুন করে সাজানোর ঝুঁকি নেওয়া।
তিউনিসিয়ার সমস্যা আরও গভীর। দলটি বিশ্বকাপে নিয়মিত হলেও কখনও গ্রুপ পর্ব পেরোতে পারেনি। এবারও তাদের লক্ষ্য ছিল অন্তত প্রথমবারের মতো নকআউট পর্বে ওঠা। কিন্তু প্রথম ম্যাচে ৫-১ হার সেই স্বপ্নকে বড় ধাক্কা দিয়েছে। গোল ব্যবধানেও তারা বিপজ্জনক অবস্থায় পড়ে গেছে।
গ্রুপ ‘এফ’-এ সুইডেন বড় জয়ে এগিয়ে গেছে। নেদারল্যান্ডস ও জাপান ২-২ ড্র করায় তিউনিসিয়ার সামনে সুযোগ পুরোপুরি শেষ হয়নি, কিন্তু বাস্তবতা কঠিন। জাপানের বিপক্ষে পরের ম্যাচে পয়েন্ট না পেলে তাদের বিশ্বকাপ কার্যত শেষের পথে চলে যাবে।
