ব্রাজিলের আরেক রেকর্ডও ভাঙার সামনে আর্জেন্টিনা

এশিয়া পোস্ট স্পোর্টস
ব্রাজিলের আরেক রেকর্ডও ভাঙার সামনে আর্জেন্টিনা
ছবি: রয়টার্স

চার বছর আগে কাতারে বিশ্বকাপ জেতা দলের মূল কাঠামো ধরে রেখেই আরও একবার ফাইনালে পৌঁছেছে আর্জেন্টিনা। স্পেনকে হারাতে পারলে বর্তমান দলের ১৭ জন ফুটবলার দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হবেন। একই সঙ্গে একাধিকবার বিশ্বকাপজয়ী খেলোয়াড়ের সংখ্যায় ব্রাজিলকে ছাড়িয়ে যাবে আর্জেন্টিনা।

ইংল্যান্ডের বিপক্ষে ২-১ গোলের প্রত্যাবর্তনের জয়ে ফাইনাল নিশ্চিত করেছে লিওনেল স্কালোনির দল। আগামী রোববার স্পেনের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচে নামবেন ২০২২ বিশ্বকাপজয়ী দলের ১৭ সদস্য। বর্তমান ২৬ সদস্যের দলের প্রায় ৬৫ শতাংশই কাতারের চ্যাম্পিয়ন দলের অংশ ছিলেন।

আর্জেন্টিনার বর্তমান দলের ১৭ বিশ্বজয়ী

গোলরক্ষক

এমিলিয়ানো মার্তিনেজ

হেরোনিমো রুলি

রক্ষণভাগ

নিকোলাস ওতামেন্দি

লিসান্দ্রো মার্তিনেজ

ক্রিস্টিয়ান রোমেরো

নাহুয়েল মোলিনা

গনসালো মন্তিয়েল

নিকোলাস তাগলিয়াফিকো

মাঝমাঠ

থিয়াগো আলমাদা

এনজো ফার্নান্দেজ

অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার

রদ্রিগো দি পল

এক্সেকিয়েল পালাসিওস

লিয়ান্দ্রো পারেদেস

আক্রমণভাগ

লিওনেল মেসি

লাউতারো মার্তিনেজ

হুলিয়ান আলভারেজ

২০২২ পর্যন্ত বিশ্বকাপজয়ী দলের সদস্য হয়েছেন আট দেশের ৪৭১ ফুটবলার। তাদের মধ্যে মাত্র ২১ জন একাধিকবার শিরোপা জিতেছেন। এই বিরল তালিকার ১৬ জনই ব্রাজিলের। চারজন ইতালির এবং আর্জেন্টিনার একমাত্র প্রতিনিধি দানিয়েল পাসারেলা।

পাসারেলা ১৯৭৮ ও ১৯৮৬ সালে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন। বর্তমান দলের ১৭ জন দ্বিতীয় শিরোপা জিতলে একাধিকবার বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন ফুটবলারের সংখ্যা হবে ১৮। ব্রাজিলের ১৬ জনকে ছাড়িয়ে তখন এই তালিকার শীর্ষে উঠে যাবে আর্জেন্টিনা।

ব্রাজিলের ১৬ একাধিকবারের বিশ্বজয়ী

ব্রাজিলের প্রথম দুই শিরোপা জেতা ১৯৫৮ ও ১৯৬২ সালের উভয় দলেই ছিলেন ১৪ ফুটবলার। তাদের মধ্যে পেলে ১৯৭০ সালেও চ্যাম্পিয়ন হয়ে এখন পর্যন্ত একমাত্র তিনবারের বিশ্বকাপজয়ী খেলোয়াড়।

পেলে ছাড়াও প্রথম দুই শিরোপাজয়ী দলের সদস্য ছিলেন গারিঞ্চা, জাগালো, ভাভা, পেপে, দিদি, জিতো, নিলতন সান্তোস, জালমা সান্তোস, বেল্লিনি, মাউরো রামোস, জোজিমো, গিলমার ও কাস্তিলো।

পরবর্তী সময়ে ১৯৯৪ ও ২০০২ সালের বিশ্বকাপ জিতে তালিকায় যোগ দেন রোনালদো নাজারিও ও কাফু।

ইতালির জিউসেপ্পে মিয়াজ্জা, জিওভান্নি ফেরারি, এরালদো মনজেলিও ও গুইদো মাসেত্তি ১৯৩৪ এবং ১৯৩৮ সালে টানা দুটি বিশ্বকাপ জিতেছিলেন। এই তিন দেশের বাইরে কোনো দেশের ফুটবলার এখন পর্যন্ত একাধিকবার বিশ্বচ্যাম্পিয়ন হতে পারেননি।

২০২৬ বিশ্বকাপের শুরুতে দ্বিতীয় শিরোপার সন্ধানে ছিলেন মোট ২২ ফুটবলার। আর্জেন্টিনার ১৭ জনের পাশাপাশি ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলে, এনগোলো কান্তে ও লুকাস হার্নান্দেজ এবং জার্মানির মানুয়েল নয়্যার ছিলেন সেই তালিকায়। ফ্রান্স ও জার্মানি বিদায় নেওয়ায় এখন শুধু আর্জেন্টিনার ১৭ জনের সামনেই সেই সুযোগ বেঁচে আছে।

বাংলাদেশ সময় সোমবার (২০ জুলাই) রাত ১টায় স্পেনের বিপক্ষে ফাইনালে নামবে আর্জেন্টিনা।