logo

ব্রাজিল ম্যাচের আগে চোটের দুশ্চিন্তায় মরক্কো

ব্রাজিল ম্যাচের আগে চোটের দুশ্চিন্তায় মরক্কো
নরওয়ে-মরোক্কো ম্যাচের দৃশ্য। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ শুরুর ঠিক আগমুহূর্তে শেষ প্রস্তুতি ম্যাচে জয়ের দেখা পায়নি গত বিশ্বকাপের চমক মরক্কো। তবে নরওয়ের সঙ্গে ১-১ গোলের ড্রয়ের চেয়েও আফ্রিকান দলটির জন্য বড় দুশ্চিন্তা হয়ে এসেছে দলের দুই গুরুত্বপূর্ণ ফুটবলারের চোট। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপের হাইভোল্টেজ উদ্বোধনী ম্যাচের আগে উইঙ্গার আব্দেসামাদ এজ্জালজুলি ও ডিফেন্ডার নুসাইর মাজরাউইকে নিয়ে তীব্র অনিশ্চয়তার মুখে পড়েছে মরক্কো শিবির।

যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অনুষ্ঠিত এই প্রীতি ম্যাচে শুরুটা দারুণ করেছিল মরক্কো। ম্যাচের সপ্তম মিনিটেই ব্রাহিম দিয়াজের চমৎকার গোলে এগিয়ে যায় তারা। কিন্তু প্রথমার্ধেই জোড়া ধাক্কা খায় ‘অ্যাটলাস লায়ন’রা। ম্যাচের ২৯ মিনিটে কাঁধের চোটে মাঠ ছাড়তে বাধ্য হন অভিজ্ঞ ডিফেন্ডার মাজরাউই। এরপর বিরতির পর আর মাঠে নামানো হয়নি তরুণ উইঙ্গার এজ্জালজুলিকেও; তার পায়ে চোট লেগেছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। ম্যাচের শেষভাগে নরওয়ের তারকা মিডফিল্ডার মার্টিন ওডেগার্ড গোল করে সমতা ফেরালে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় মরক্কোকে। তবে ম্যাচের ফলাফলের চেয়ে মরক্কো কোচ মোহামেদ ওউআবির কাছে এখন বড় চিন্তার কারণ দুই শিষ্যের চোটের গভীরতা। চোট কতটা গুরুতর, সেটি নিশ্চিত হতে দল এখন মেডিকেল রিপোর্টের অপেক্ষায় রয়েছে।

মরক্কোর রক্ষণ ও আক্রমণভাগে এই দুই ফুটবলারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রক্ষণভাগের দুই প্রান্তেই সমান তালে খেলতে পারা মাজরাউই অভিজ্ঞতার পাশাপাশি নিচ থেকে আক্রমণ গড়ে তুলতে সিদ্ধহস্ত। অন্যদিকে, প্রতিপক্ষের রক্ষণভাগকে গতি ও ড্রিবলিংয়ে ব্যস্ত রাখতে ওয়ান-অন-ওয়ান পরিস্থিতিতে দুর্দান্ত এজ্জালজুলি। ফলে ব্রাজিলের মতো আক্রমণাত্মক দলের বিপক্ষে প্রথম ম্যাচেই এই দুজনের অনুপস্থিতি মরক্কোর কৌশলগত পরিকল্পনায় বড় ধরনের ভাঙন ধরাতে পারে।

২০২২ কাতার বিশ্বকাপে স্পেন ও পর্তুগালকে বিদায় করে ফুটবলের ইতিহাসে প্রথম আফ্রিকান দল হিসেবে সেমিফাইনালে উঠে রূপকথা লিখেছিল মরক্কো। সেই আকাশচুম্বী সাফল্যের পর ২০২৬ বিশ্বকাপেও দলটিকে নিয়ে প্রত্যাশার পারদ বেশ উঁচুতে। তবে এবার তাদের মিশন শুরুই হচ্ছে সেলেসাওদের বিপক্ষে কঠিন এক পরীক্ষা দিয়ে। প্রথম ম্যাচেই ভালো করতে হলে পূর্ণ শক্তির স্কোয়াড প্রয়োজন মরক্কোর, কিন্তু শেষ প্রস্তুতি ম্যাচের পর আপাতত অ্যাটলাস লায়নদের ডাগআউটে ভর করেছে অনাকাঙ্ক্ষিত চোটের কালো ছায়া।